চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষা ৯ সেপ্টেম্বর শেষ হওয়ার পর নভেম্বরের শুরুতে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে। তবে বন্যার কারণে স্থগিত হওয়া কয়েকটি পরীক্ষা এখনো বাকি রয়েছে। এসব পরীক্ষা আগামী ৯ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা। এরপর নভেম্বরের শুরুতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষা ৯ সেপ্টেম্বর শেষ হওয়ার পর দুই মাসের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা করা হচ্ছে।
জানা গেছে, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে লিখিত পরীক্ষার শেষ দিনে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র এবং শিশু বিকাশ দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের পরীক্ষাও অনুষ্ঠিত হয়।
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২ জুলাই। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। এসব পরীক্ষা ২০ আগস্ট থেকে পুনরায় শুরু হয়েছে এবং ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
আন্তঃশিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা গত ১ আগস্ট শেষ হয়েছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা শেষ হওয়ার পর উত্তরপত্র মূল্যায়ন, ফল প্রস্তুত ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
পিপল/এএইচ











