ঢাকা কলেজের হলে সিট বরাদ্দে অনিয়ম ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ তুলে বিক্ষোভ ও সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
ঢাকা কলেজের ছাত্রাবাসে সিট বরাদ্দে অনিয়ম ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ২টায় কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, হলের সিট বরাদ্দের ক্ষেত্রে মেধা, শ্রেণিকক্ষে উপস্থিতি এবং পরিবারের আর্থিক অবস্থা বিবেচনার কথা থাকলেও বাস্তবে এসব মানদণ্ড যথাযথভাবে অনুসরণ করা হয়নি। বিভাগ থেকে চূড়ান্তভাবে সুপারিশ করা যোগ্য শিক্ষার্থীদের নাম বাদ দিয়ে রাজনৈতিক সুপারিশের ভিত্তিতে অন্যদের সিট দেওয়ার অভিযোগও করেছেন তারা।
শিক্ষার্থীদের দাবি, সিট বরাদ্দের তালিকা প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।অংকন চন্দ্র নামে এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিটু দাসের বিষয়টি তুলে ধরেন। তার দাবি, সম্প্রতি মিটু দাস তার বাবাকে হারিয়েছেন। পারিবারিক সংকটের মধ্যেও পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি তিনি ফুড ডেলিভারি প্রতিষ্ঠানে কাজ করছেন। তবে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিভিন্ন ছাত্রাবাসে সিট বরাদ্দের তালিকায় তার নাম নেই।
শিক্ষার্থীদের অভিযোগ, আবাসন সংকটে থাকা আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়ার কথা থাকলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি।ইংরেজি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মঞ্জু সিট বরাদ্দের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি দাবি করেন, সাত কলেজের মধ্যে ইংরেজি বিভাগে তিনি প্রথম হয়েছেন এবং বিভাগ থেকে তার নামও সুপারিশ করা হয়েছিল। এরপরও তিনি হলে সিট পাননি।
মঞ্জুর অভিযোগ, এমন কিছু শিক্ষার্থী সিট পেয়েছেন যারা তিন থেকে চারটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন। এতে সিট বরাদ্দের মানদণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে বলে দাবি করেন তিনি। ঢাকা কলেজ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা সামাজিক যোগাযোগমাধ্যমে সিট বরাদ্দের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, কলেজ প্রশাসনের বিজ্ঞপ্তিতে শ্রেণিকক্ষে উপস্থিতি, পরীক্ষার ফলাফল ও পরিবারের আর্থিক অবস্থা বিবেচনার কথা বলা হয়েছিল। কিন্তু বিভাগীয় পর্যায়ে ভাইভার মাধ্যমে প্রাথমিকভাবে সুপারিশ করা কয়েকজন শিক্ষার্থীর নাম পরবর্তী সময়ে বাদ দেওয়া হয়েছে। মাসুদ রানা আরও দাবি করেন, তিনি একজন দরিদ্র শিক্ষার্থীসহ কয়েকজন যোগ্য শিক্ষার্থীর জন্য সুপারিশ করেছিলেন। কিন্তু তাদেরও সিট দেওয়া হয়নি। ২৪ আগস্ট রাতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য ঢাকা কলেজের বিভিন্ন ছাত্রাবাসে নতুন ১১০ জন শিক্ষার্থীর সিট বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশ করে কলেজ প্রশাসন।
এরপর থেকেই সিট বরাদ্দের প্রক্রিয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক শুরু হয়। শিক্ষার্থীদের একটি অংশের অভিযোগ, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মীদের সুপারিশের ভিত্তিতে সিট বরাদ্দ দেওয়া হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে এখনো কলেজ প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আজকের বিক্ষোভ ও সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা সিট বরাদ্দের তালিকা পুনর্বিবেচনা, স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়া নিশ্চিত এবং অভিযোগের তদন্তের দাবি জানাতে পারেন।
পিপল/এএইচ











