২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা, দোয়া, হামদ-নাত ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দিয়েছে সরকার...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
আগামী ২৬ আগস্ট যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। এ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি আয়োজনের নির্দেশ দিয়েছে সরকার।
সরকারি নির্দেশনা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শ নিয়ে আলোচনা সভার আয়োজন করা হবে। পাশাপাশি ইসলামের শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা নিয়ে আলোচনা করা হবে।ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল, হামদ-নাত পরিবেশন, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হবে।
সরকারি কর্মসূচির আওতায় জেলা শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন, ওয়াক্ফ প্রশাসকের কার্যালয় এবং ঢাকা ও জেদ্দা হজ অফিসেও বিশেষ আয়োজন থাকবে।এ ছাড়া বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসন, সিটি করপোরেশন, পৌরসভা এবং সশস্ত্র বাহিনী বিভাগ নিজ নিজ এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করবে।
মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং শান্তি, মানবিকতা, সহিষ্ণুতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াই এসব কর্মসূচির মূল লক্ষ্য।
পিপল/এএইচ











