এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হয়েছে। এবার ৪ হাজার ৫৮৫ জন ফেল থেকে পাস করেছেন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৭৯ জন...

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর খাতা পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। পুনঃনিরীক্ষণের পর ফেল থেকে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। পাশাপাশি নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৭৯ জন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। আবেদনকারীদের মোবাইল ফোনেও এসএমএসের মাধ্যমে ফল জানানো হয়েছে। এছাড়া কেন্দ্রীয় ওয়েবসাইট rescrutiny.eduboardresults.gov.bd থেকে ফল দেখা যাচ্ছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, পুনঃনিরীক্ষণের পর বিভিন্ন বিষয়ে বিপুলসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

রেকর্ডসংখ্যক আবেদন

এবার এসএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষণে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়ে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী আবেদন করেন।

একজন পরীক্ষার্থী একাধিক বিষয়ের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের সুযোগ পাওয়ায় মোট আবেদন করা উত্তরপত্রের সংখ্যা ছিল আরও বেশি। লিখিত পরীক্ষার ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ২ লাখ ৩১ হাজার ৪৭১টি উত্তরপত্র মিলিয়ে মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়ে।

এবার পুনর্মূল্যায়নও হয়েছে

চলতি বছর প্রথমবারের মতো শুধু পুনঃনিরীক্ষণের পাশাপাশি আবেদন করা উত্তরপত্র পুনর্মূল্যায়নের ব্যবস্থাও করা হয়েছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এর আগে জানিয়েছিলেন, প্রচলিত পদ্ধতিতে পুনঃনিরীক্ষণের সময় মূলত নম্বর যোগে কোনো ভুল হয়েছে কি না, তা যাচাই করা হতো। এবার সেই প্রক্রিয়ার পাশাপাশি উত্তরপত্র নতুন করে মূল্যায়ন করা হয়েছে।

ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি আবেদন

বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি পুনঃনিরীক্ষণের আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৯৪ হাজার ২৩৬ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষার ২ লাখ ৭৭ হাজার ৬৬৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ৫৮ হাজার ১২টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেন।

এ ছাড়া কুমিল্লা বোর্ডে ৩৫ হাজারের বেশি, রাজশাহী ও চট্টগ্রাম বোর্ডে ৩৯ হাজারের বেশি এবং দিনাজপুর বোর্ডে ৩৭ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেন।

যশোর বোর্ডে ২৮ হাজারের বেশি, ময়মনসিংহে ২৭ হাজার ৬৭৬ জন, সিলেটে ২০ হাজারের বেশি এবং বরিশাল বোর্ডে ১৭ হাজারের বেশি পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেন।

অন্যদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজারের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২০ হাজারের বেশি পরীক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেন।

মূল ফলের ৩১ দিন পর প্রকাশ

গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশ করা হয়েছিল। এর ৩১ দিন পর বৃহস্পতিবার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হলো।

পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ শেষ হয়েছিল ১৭ আগস্ট রাতে। সে হিসাবে আবেদন শেষ হওয়ার ২৪ দিন পর প্রকাশ করা হলো সংশোধিত ফল।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ। এটি গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার।

পিপল/এএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ