নেপালে ভয়াবহ দুর্যোগের এক দিন পর একই পথে যাওয়ার কথা ছিল অপুর শুটিং ইউনিটের। অল্পের জন্য রক্ষা পেয়ে দেশে ফিরলেন অপু বিশ্বাস।

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
বিনোদন প্রতিবেদক : নেপালে ‘শিকার’ সিনেমার শুটিং করতে গিয়ে বড় ধরনের বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পুরো শুটিং ইউনিট। ২৬ আগস্ট যে পাহাড়ি সড়ক দিয়ে তাঁদের কাঠমান্ডু যাওয়ার কথা ছিল, সেদিনই ওই এলাকায় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ঘটে। তবে এক দিন পর, ২৭ আগস্ট ওই পথে যাত্রার পরিকল্পনা থাকায় বড় দুর্ঘটনা এড়িয়ে নিরাপদে দেশে ফিরতে পেরেছেন তাঁরা।
দুর্যোগের খবর পাওয়ার পর পোখারায় ‘শিকার’ সিনেমার শুটিং বন্ধ করে দেয় পুরো টিম। এমন পরিস্থিতিতে মানুষের দুর্ভোগের মধ্যে শুটিং চালিয়ে যাওয়া অমানবিক হবে বলে মনে করেন অপু বিশ্বাস। তাঁর উদ্যোগে দলের সঙ্গে আলোচনা করে শুটিং স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে পুরো ইউনিট দেশে ফিরে আসে। শুক্রবার রাতে ঢাকায় ফেরেন অপু।
দেশে ফিরে নেপালের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে স্বস্তির পাশাপাশি স্থানীয় মানুষের দুর্ভোগের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এই অভিনেত্রী। বিশেষ করে স্বজন হারানো মানুষের আহাজারির দৃশ্য তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছে বলে জানান তিনি।
অপু বিশ্বাস বলেন, কাঠমান্ডু থেকে দুই থেকে তিন ঘণ্টার দূরত্বের একটি পাহাড়ি এলাকায় বড় ধরনের দুর্যোগ ঘটে। কাকতালীয়ভাবে তাঁদের ওই একই পথ দিয়ে যাওয়ার কথা ছিল ২৭ আগস্ট। এক দিনের ব্যবধানেই তাঁরা সম্ভাব্য বিপদ এড়াতে সক্ষম হয়েছেন।
তিনি বলেন, ‘আমাদের যে রাস্তা দিয়ে কাঠমান্ডু ঢোকার কথা ছিল, ঠিক তার কাছাকাছি সময়েই এই দুর্ঘটনা ঘটে। এটি আল্লাহর অশেষ রহমত যে ২৬ তারিখ নয়, ২৭ তারিখ বাস নিয়ে আমাদের মুভ করার কথা ছিল।’

দুর্যোগের কারণে শুটিং বন্ধের সিদ্ধান্তকে শুধু নিরাপত্তার বিষয় হিসেবে দেখছেন না অপু। তাঁর মতে, ভয়াবহ বিপর্যয়ের মধ্যে মানুষের দুর্ভোগের সময় বিনোদনমূলক শুটিং চালিয়ে যাওয়া সংবেদনশীলতার পরিপন্থী।
অপু বলেন, ‘এমন ভয়াবহ পরিস্থিতিতে মানুষের দুর্ভোগের মধ্যে গানের শুটিং করা অত্যন্ত অমানবিক দেখায়। তাই আমি পুরো টিমের সঙ্গে আলোচনা করে শুটিং স্থগিত করার সিদ্ধান্ত নিই এবং সবাই নিরাপদে দেশে ফিরে আসি।’
নেপালে বাংলাদেশসহ বিভিন্ন দেশের পর্যটক আটকা পড়েছেন এবং তাঁদের কয়েকজনের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি বলেও জানতে পেরেছেন অপু। বিষয়টি তাঁকে উদ্বিগ্ন করেছে। তিনি বলেন, বিভিন্ন দেশের মানুষ সেখানে ছিলেন, তাঁদের অনেকের পরিবারের সদস্যরা এখনো স্বজনদের খবরের অপেক্ষায় রয়েছেন—এটি অত্যন্ত কষ্টের।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত সড়কটি আগামী ১৫ থেকে ২০ দিন বন্ধ থাকতে পারে বলেও জানিয়েছেন অপু। ফলে ‘শিকার’ সিনেমার শুটিং শেষ না করেই দেশে ফিরতে হয়েছে পুরো ইউনিটকে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরিচালক ও প্রযোজকেরা নতুন করে শুটিংয়ের সময়সূচি নির্ধারণ করবেন।
নেপাল থেকে ফেরার পথে দেখা দৃশ্যগুলোই এখন সবচেয়ে বেশি মনে পড়ছে বলে জানান অপু। তাঁর মতে, সংবাদে দুর্যোগের খবর জানা আর ঘটনাস্থলের মানুষের দুর্ভোগ নিজের চোখে দেখা এক বিষয় নয়।
অভিনেত্রীর ভাষায়, ‘পোখারা থেকে কাঠমান্ডু হয়ে ঢাকায় ফেরার পথে যা দেখেছি, যা শুনেছি, তা ভাষায় বর্ণনা করার মতো না। নেপালি মানুষের যে আহাজারি দেখেছি, তা বলে বোঝাতে পারব না।’
নিরাপদে দেশে ফিরলেও নেপালের মানুষের সেই দুর্যোগ ও স্বজন হারানোর কান্না তাঁর মনে গভীর ছাপ ফেলেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ‘শিকার’ সিনেমার শুটিং আবার শুরু করার পরিকল্পনা থাকলেও আপাতত নেপালের বিপর্যস্ত মানুষের পাশে থাকার অনুভূতিই অপুর কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
কেএইচ











