বুলিং ও ট্রল নিয়ে কড়া বার্তা দিয়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। ফেসবুক পোস্টে ‘একদিন মুখ খুলবই’ বলে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
বিনোদন প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও বুলিংয়ের শিকার হওয়া তারকাদের জন্য নতুন কিছু নয়। তবে এসব নেতিবাচকতাকে আমলে না নিয়ে এবার কড়া বার্তা দিয়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।
সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে স্পর্শিয়া লিখেছেন, ‘একদিন তো মুখ খুলবই, সেদিন এটাও বলবো এতদিন মুখ বন্ধ কেন ছিল। ততদিন পর্যন্ত, আমাকে যতটা পারো বুলিং করতে থাকো। আমি শুধু আগের মতোই আরও শক্তিশালী হয়ে উঠব এবং আরও উজ্জ্বল হয়ে জ্বলব।’
স্পর্শিয়ার এই বক্তব্যে স্পষ্ট, সামাজিক যোগাযোগমাধ্যমের সমালোচনা বা বুলিং তাকে থামিয়ে দিতে পারবে না। বরং এসব অভিজ্ঞতাকে শক্তিতে পরিণত করে নিজের কাজের মাধ্যমে জবাব দেওয়ার প্রত্যয়ই প্রকাশ করেছেন তিনি।
তবে হঠাৎ করে কেন এমন কড়া বার্তা দিলেন স্পর্শিয়া, তা নিয়ে বিনোদন অঙ্গনে আলোচনা চলছে। নিজের ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে নানা সময়ের সমালোচনা সাহসের সঙ্গে সামলেছেন এই অভিনেত্রী।
টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন স্পর্শিয়া। এয়ারটেলের বিজ্ঞাপন এবং ‘ইম্পসিবল ৫’-এর মতো নাটকে অভিনয় করে দ্রুত দর্শকের নজরে আসেন তিনি। পরে একাধিক নাটক ও টেলিফিল্মে অভিনয়ের পাশাপাশি বড় পর্দায়ও নিজের অবস্থান তৈরি করেন।
‘কাঠবিড়ালী’, ‘আবার বসন্ত’ ও ‘নবাব এলএলবি’-এর মতো চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ভিন্নধর্মী চরিত্রে নিজেকে তুলে ধরেছেন স্পর্শিয়া। পাশাপাশি ওটিটিতেও কাজ করে দর্শকের প্রশংসা পেয়েছেন তিনি।
নতুন কাজের প্রস্তুতির মধ্যেই তার এই স্ট্যাটাস যেন আত্মবিশ্বাসেরই বহিঃপ্রকাশ। সমালোচনা কিংবা বুলিং নয়, নিজের কাজ দিয়েই জবাব দিতে চান স্পর্শিয়া—তার সাম্প্রতিক বক্তব্যে সেই বার্তাই উঠে এসেছে।
কেএইচ











