বাঁধনের নতুন চ্যালেঞ্জ!

‘গুলশানের চামেলি’তে আইনজীবীর ভূমিকায় ফিরছেন বাঁধন। শক্তিশালী গল্প ও তারকাবহুল কাস্টে বাড়ছে দর্শকদের আগ্রহ।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

বিনোদন প্রতিবেদক: রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্তরালের অন্ধকার বাস্তবতাকে উপজীব্য করে নির্মিতব্য চলচ্চিত্র ‘গুলশানের চামেলি’-তে যুক্ত হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। জানা গেছে, ছবিতে তিনি একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করবেন।

চলচ্চিত্রটি পরিচালনা করছেন মোহাম্মদ ইকবাল। একই ছবির মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হচ্ছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘গুলশানের চামেলি’তে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন বাঁধন। তবে বিষয়টি নিয়ে এখনই আনুষ্ঠানিকভাবে কিছু বলতে রাজি নন নির্মাতা কিংবা অভিনেত্রী। নির্মাতা জানিয়েছেন, আগামী ১ আগস্ট ছবিটির মহরত অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানেই আনুষ্ঠানিকভাবে শিল্পী তালিকা ও অন্যান্য বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

যোগাযোগ করা হলে আজমেরী হক বাঁধনও ছবিতে যুক্ত হওয়ার বিষয়টি সরাসরি অস্বীকার করেননি। তবে আনুষ্ঠানিক ঘোষণার আগে এ বিষয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। তার ভাষ্য, আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরই বিস্তারিত জানানো হবে।

‘গুলশানের চামেলি’ চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে এক যৌনকর্মীর জীবনকে কেন্দ্র করে। গল্পে দেখা যাবে, কোনো অপরাধ না করেও ক্ষমতার নির্মম খেলায় বারবার শিকার হতে হয় তাকে। রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং সমাজের অভিজাত শ্রেণির আড়ালে লুকিয়ে থাকা বাস্তবতার নানা দিক চলচ্চিত্রটিতে উঠে আসবে। ছবির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।

নির্মাতা জানিয়েছেন, আগামী বছরের কোনো এক ঈদে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে, আজমেরী হক বাঁধনকে সর্বশেষ তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রে দেখা গেছে। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘মাস্টার’ এবং ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

এর মধ্যে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘মাস্টার’ গত ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে সেরা চলচ্চিত্রের স্বীকৃতি অর্জন করেছে। অন্যদিকে, রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ এ বছরের ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে।

চলচ্চিত্রসংশ্লিষ্টদের মতে, শক্তিশালী গল্প, নতুন জুটি এবং সমসাময়িক সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে ‘গুলশানের চামেলি’ ইতোমধ্যেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

কেএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ