ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রশংসিত সুনেরাহ বিনতে কামাল এবার নতুন নাটক ও আন্তর্জাতিক কাজের স্বপ্ন নিয়ে এগোচ্ছেন।

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
বিনোদন ডেস্ক : ভেনিস চলচ্চিত্র উৎসবে নিজের অভিনীত সিনেমা দ্য ডিফিকাল্ট ব্রাইড নিয়ে অংশ নেওয়ার অভিজ্ঞতায় মুগ্ধ অভিনেত্রী ও মডেল সুনেরাহ বিনতে কামাল। উৎসব থেকে আত্মবিশ্বাস, প্রশংসা ও নতুন কাজের অনুপ্রেরণা নিয়ে দেশে ফিরেছেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনে কাজের সুযোগ নিয়েও আশাবাদী এই অভিনেত্রী।
ভেনিস থেকে ফিরে বর্তমানে নতুন একটি একক নাটকের শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন সুনেরাহ। রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় নাটকটিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন ইয়াশ রোহান। ময়মনসিংহে চার দিন চলবে শুটিং।
ভেনিসের অভিজ্ঞতা প্রসঙ্গে সুনেরাহ বলেন, সেখানে তিনি অনেক প্রশংসা পেয়েছেন। তাঁর সৌন্দর্য, অভিনয় ও কথা বলার ধরন নিয়ে প্রশংসা করেছেন বিভিন্ন দেশের সাংবাদিক, সমালোচক, প্রযোজক, পরিচালক ও চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। অনেকেই তাঁর ফোন নম্বর নিয়েছেন এবং আন্তর্জাতিক চলচ্চিত্রে কাজ করার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন।
এর আগে নুহাশ হুমায়ূনের হরর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মশারি নিয়েও একটি চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিলেন সুনেরাহ। ভেনিসে গিয়ে তিনি অবাক হয়ে দেখেন, সেখানে অনেকেই মশারি দেখেছেন এবং তাঁকে সিনেমাটির অভিনেত্রী হিসেবে চিনেছেন।
রুবাইয়াত হোসেনের দ্য ডিফিকাল্ট ব্রাইড সিনেমায় সুনেরাহ অভিনয় করেছেন একটি ‘গোস্ট-ব্রাইড’ চরিত্রে। কয়েক বছর আগে একটি টক শোতে রুবাইয়াত হোসেনের সঙ্গে পরিচয়ের পর সিনেমাটিতে অভিনয়ের সুযোগ পান তিনি। চরিত্রটি সম্পর্কে বিস্তারিত না জানালেও সুনেরাহ বলেন, এটি একেবারে বাংলাদেশি, ঢাকার বউয়ের আদলে নির্মিত একটি চরিত্র।
সিনেমাটির শুটিংয়ের অভিজ্ঞতাও ছিল তাঁর জন্য ভিন্নধর্মী। প্রতিদিন দুই থেকে তিন ঘণ্টা ধরে ব্রাইডাল মেকআপ নিতে হতো। ভারী লেহেঙ্গা, গয়না, বিয়ের ওড়না ও অন্যান্য সাজসজ্জা নিয়ে দীর্ঘ সময় শুটিং করতে হয়েছে তাঁকে। তবে পুরো কাজের পরিবেশ ও বিদেশি ক্রু তাঁর কাছে দারুণ লেগেছে।
ভেনিসের ফ্যাশন নিয়েও নিজের স্বাতন্ত্র্য ধরে রেখেছেন সুনেরাহ। বেশির ভাগ পোশাকে তিনি বেছে নিয়েছেন সাদা, কালো, গাঢ় বাদামি ও গোলাপির মতো সাদামাটা বা মনোক্রোম রং। অনেক পোশাক ও আনুষঙ্গিক সামগ্রী নিজের সংগ্রহ থেকে নিয়ে গিয়েছিলেন এবং নিজেই স্টাইলিং করেছেন। তাঁর মতে, এমন পোশাকই তিনি বেছে নিয়েছিলেন, যাতে অন্যরা আগ্রহ নিয়ে তাঁর সঙ্গে কথা বলতে এগিয়ে আসে।
সুনেরাহ জানান, তাঁর পছন্দের পোশাকের মধ্যে জিনস, টপ ও শাড়ি অন্যতম। বিশেষ করে সুতি শাড়ির প্রতি তাঁর আলাদা দুর্বলতা রয়েছে। পরিবারের সদস্যদের কাছ থেকেও শাড়ি সংগ্রহ করেন তিনি।
নিজের খাবারের অভ্যাস নিয়েও খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী। ভাত, রুটি, সবজি, ডিম, মাংসের পাশাপাশি পরোটা-মাংস, পাস্তা, পিৎজা, শর্মা, নুডলস, পোলাও ও খিচুড়িও খান তিনি। তবে তাঁর দাবি, পরিমাণে ভারসাম্য রেখে খাবার খান। সফট ড্রিংকস ও চিজের প্রতি তাঁর বিশেষ পছন্দ রয়েছে। নিয়মিত জিমে ওয়ার্কআউট না করলেও প্রচুর হাঁটেন, যোগব্যায়াম করেন এবং মাঝেমধ্যে স্ট্রেচিং করেন।
ভেনিসে গিয়ে ইতালীয় খাবারও বেশ উপভোগ করেছেন সুনেরাহ। স্প্যাগেটি, মাছ, স্টেক, পিৎজা, সিফুড ও পাস্তা—সবই খেয়েছেন বলে জানান তিনি। পাশাপাশি শহরটি হেঁটে ঘুরে দেখেছেন।
অভিনয়ের পাশাপাশি সুনেরাহ ২০১৫ সাল থেকে ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড এক্সট্যাসিতে কাজ করছেন। শুরুতে সেখানে মডেল হিসেবে কাজ করলেও বর্তমানে স্টাইলিং ও মার্কেটিংয়ের দায়িত্বও সামলাচ্ছেন।
ব্যক্তিগত জীবন নিয়েও প্রশ্নের মুখোমুখি হয়ে সুনেরাহ স্পষ্ট করে জানান, তিনি বর্তমানে সিঙ্গেল। আর ভবিষ্যতে হরর চরিত্রে অভিনয়ের ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। মজা করে বলেন, এবার তিনি কিছু সময়ের জন্য ‘পেতনি’ হতে চান—যারা তাঁর সঙ্গে সুবিচার করেনি, তাদের একটু ভয় দেখানোর জন্য!
কেএইচ











