গরুর মাংস খাওয়া নিয়ে বিশ্বজিৎ চক্রবর্তীর মন্তব্যের সমর্থনে কথা বলে বিতর্কে তিথি বসু। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে সমালোচনা।

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
বিনোদন ডেস্ক : প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। তাঁর বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হলেও এবার প্রবীণ অভিনেতার পাশে দাঁড়িয়েছেন ‘মা’ ধারাবাহিকখ্যাত অভিনেত্রী তিথি বসু।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হিন্দুস্তান টাইমস বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের আতিথেয়তা ও খাবারের প্রশংসা করেন বিশ্বজিৎ চক্রবর্তী। সেখানে বিশেষ করে গরুর মাংস ও ইলিশের প্রতি তাঁর ভালো লাগার কথা জানান তিনি। পরে সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়।
বিষয়টি নিয়ে বিশ্বজিতের সমর্থনে কথা বলেন তিথি বসু। তাঁর মতে, নিজের পছন্দ ও সততা থেকেই বিশ্বজিৎ তাঁর বক্তব্য দিয়েছেন। বাংলাদেশে গিয়ে কে কী খাবেন, সেটি প্রত্যেকের ব্যক্তিগত বিষয় বলেও মন্তব্য করেন তিনি।
তিথি দাবি করেন, চলচ্চিত্র ও টেলিভিশন জগতের অনেকেই প্রকাশ্যে কিংবা ব্যক্তিগতভাবে গরুর মাংস খান। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, তাঁদের ধারাবাহিকের সেটেও এমন অনেক ব্রাহ্মণ শিল্পী ও অভিনেতা ছিলেন, যারা গরুর মাংস নিয়ে আলোচনা করতেন।
এমনকি কলকাতার বিভিন্ন পরিচিত স্থানে গরুর মাংস বিক্রি হওয়ার সময় অনেক হিন্দুকেও সেখানে যেতে দেখেছেন বলে দাবি করেন তিথি। ২০১০ সালের দিকে বেশ কয়েকজন জনপ্রিয় সংগীতশিল্পী ও টেলিভিশন চ্যানেলের কর্মকর্তাকেও বিফ খাওয়ার জন্য যেতে দেখেছেন বলে জানান তিনি।
তিথি বলেন, “অনেক মানুষ গরুর মাংস খায়। এটাই বাস্তব। এমনকি মুসলিমদের থেকে হিন্দুরাই বেশি খায়। যারা প্রকাশ্যে বলেন না, তাদের মধ্যেও অনেকেই হয়তো আড়ালে খেয়ে থাকেন।”
অভিনেত্রীর মতে, একজন মানুষের ধর্মীয় পরিচয় কিংবা খাদ্যাভ্যাস সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। নিজের পছন্দ অন্যের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিথির এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্ক শুরু হয়। কেউ তাঁর বক্তব্যের সমালোচনা করে বলেন, এমন বিষয়ে কথা বলার প্রয়োজন ছিল না। আবার কেউ তাঁর ব্যক্তিগত খাদ্যাভ্যাস নিয়েও প্রশ্ন তোলেন। অনেকে ধর্মীয় অনুভূতির প্রসঙ্গ টেনে তাঁকে কটাক্ষও করেছেন।
বিশ্বজিৎ চক্রবর্তীর বক্তব্যকে সমর্থন করতে গিয়ে তিথি বসুর এমন মন্তব্যের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা আরও জোরালো হয়েছে। ফলে প্রবীণ অভিনেতাকে ঘিরে শুরু হওয়া বিতর্কে এবার নিজেও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ‘ঝিলিক’খ্যাত এই অভিনেত্রী।
কেএইচ











