শিশুদের সুস্বাস্থ্যের জন্য মায়ের দুধের বিকল্প নেই

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন শিশুদের সুস্বাস্থ্যে মায়ের দুধের গুরুত্ব তুলে ধরে কৃত্রিম বিকল্প বর্জন করার আহ্বান জানিয়েছেন।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

শিশুদের সুস্বাস্থ্যের জন্য মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, জন্মের পর শিশুর সঠিক শারীরিক ও মানসিক বৃদ্ধির মূল উৎসই হলো মায়ের দুধ। বিশেষ করে প্রসবের পরপরই শিশুকে শালদুধ খাওয়ানো অত্যন্ত জরুরি, যা প্রোটিনের অন্যতম শ্রেষ্ঠ উৎস।

আজ রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগমান’ প্রতিপাদ্য সামনে রেখে মাতৃদুগ্ধ পানের গুরুত্ব ও সচেতনতা বাড়াতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মায়ের দুধ পানের প্রয়োজনীয়তা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে সিজারিয়ানের মাত্রা বৃদ্ধি পাওয়া এবং সচেতনতার অভাবে অনেক নবজাতক শালদুগ্ধ ও মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে। বিগত দিনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের নিষ্ক্রিয়তার সমালোচনা করে তিনি জানান, গ্রামের সাধারণ মানুষকে সচেতন করার মতো কার্যকর সভা-সেমিনার করা হয়নি। এখন থেকে এক বছরের সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করে প্রতি মাসে অন্তত একটি জেলায় গিয়ে সিভিল সার্জন, জেলা প্রশাসক ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে মাতৃদুগ্ধপানের প্রয়োজনীয়তা বোঝাতে হবে এবং তা নিশ্চিত করতে হবে। এতে দেশের মানুষ সচেতন হওয়ার পাশাপাশি শিশু মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

শিশুখাদ্য ও বিকল্প গুঁড়ো দুধের বিষয়ে মন্ত্রী বলেন, দেশে মাতৃদুগ্ধের বিকল্প খাদ্য নিয়ন্ত্রণের জন্য সুনির্দিষ্ট আইন রয়েছে। বাজারে প্রচলিত বিভিন্ন ব্র্যান্ডের গুঁড়ো দুধের তুলনায় ঘরে তৈরি সুষম খাবার শিশুদের জন্য অনেক বেশি উপযোগী। শিশুর বয়স ছয় মাস পূর্ণ হওয়ার পর চালের খুদ, ডাল, আলু ও শাকসবজি দিয়ে তৈরি খিচুড়ি জাতীয় খাবারই শিশুদের জন্য সেরা পুষ্টির উৎস।

মায়েদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আল্লাহর দেওয়া মাতৃদুগ্ধের এই অমূল্য নিয়ামত থেকে কোনোভাবেই যেন সন্তানকে বঞ্চিত করা না হয়। মা যখন শিশুকে বুকে টেনে নেন, তখন শিশু পরম নিরাপত্তায় তার কান্না থামায়। তাই কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকে না গিয়ে শিশুদের প্রকৃতির এই স্বাভাবিক উপহার দেওয়া উচিত।

হাসপাতালে চিকিৎসাধীন হামে আক্রান্ত শিশুদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পুষ্টিহীনতার কারণে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা ও শরীর দুর্বল হয়ে পড়ছে। অনেক মা নিজেদের অপুষ্টির অজুহাত দেখিয়ে শিশুকে বুকের দুধ খাওয়া থেকে বিরত রাখেন, যা সম্পূর্ণ অনুচিত। মূলত অল্প বয়সে বিয়ে, সচেতনতার অভাব এবং শিশুকে দুধ না দেওয়ার কারণেই পুষ্টিহীনতার হার বৃদ্ধি পাচ্ছে।

স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্বস্বাস্থ্য অনুবিভাগ) শেখ মোমেনা মনি এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী।

পিপল/এসএম


সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ