৪০ বছর বয়সে বাহুর শক্তি বাড়াতে তিনটি ব্যায়াম নিয়মিত করেন ফিটনেস প্রশিক্ষক

পেরিমেনোপজ পর্যায়ের শক্তি প্রশিক্ষক ক্রিসা বেনসন বলেন, তিনটি ডাম্বেল ব্যায়াম তাঁর বিশ বছর আগের চেয়ে শক্তিশালী ও পেশিবহুল বাহু গড়তে সহায়তা করেছে।

News

Photo: Women's Health


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:
বয়স বাড়ার সঙ্গে উপরের শরীরের শক্তি ধরে রাখা এবং তা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোলা, ঠেলা, টানা ও হাত বাড়ানোর মতো দৈনন্দিন কাজে সহায়তা করার পাশাপাশি শক্তিশালী বাহু পড়ে গেলে নিজে উঠে দাঁড়াতেও সাহায্য করতে পারে। এতে মানুষ দীর্ঘ সময় পর্যন্ত নিজের ওপর নির্ভর করে চলতে পারে। সারকোপেনিয়া বা বয়সজনিত পেশিক্ষয় ৩০ বছর বয়স থেকেই শুরু হতে পারে। গবেষণা অনুযায়ী, প্রতি দশকে পেশির ভর প্রায় ৩ থেকে ৮ শতাংশ কমে যায় এবং ৬০ বছরের পর এই ক্ষয়ের গতি আরও বাড়ে। তবে আশার কথা হলো, এই ক্ষয় ধীর করার ক্ষমতা মানুষের হাতেই রয়েছে। এ জন্য অনেক কিছু করা যায়, যার মধ্যে শক্তি প্রশিক্ষণ অন্যতম গুরুত্বপূর্ণ। শক্তি প্রশিক্ষণ কেবল শরীরের শক্তি বাড়ায় না, এটি স্বাস্থ্যের অন্যান্য দিকেও ভূমিকা রাখে। একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, সপ্তাহে দুই ঘণ্টা শক্তি প্রশিক্ষণ করলে মারাত্মক হৃদ্‌রোগের ঝুঁকি ২২ শতাংশ এবং হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৪৪ শতাংশ কমতে পারে। শক্তি প্রশিক্ষণের উপকারিতা সম্পর্কে ভালোভাবে জানেন সনদপ্রাপ্ত পেরিমেনোপজ শক্তি প্রশিক্ষক ও ফিটনেস কনটেন্ট নির্মাতা ক্রিসা বেনসন। তিনি বলেন, ৪০ বছর বয়সে তাঁর শরীরে ২০ বছর বয়সের চেয়ে বেশি পেশি রয়েছে। সম্প্রতি ইনস্টাগ্রামে তিনি তিনটি বাহুর ব্যায়াম শেয়ার করেছেন, যেগুলো তাঁকে এই পেশি গড়তে সহায়তা করেছে। তাঁর ভাষ্য, এখন তিনি এই ব্যায়ামগুলো কখনো বাদ দেন না। ১. অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ক্রিসা বেনসন বলেন, “পিঠ ও কাঁধের জন্য এটি অবমূল্যায়িত একটি ব্যায়াম। এতে একটু হালকা ওজন নিন, আমি এখানে ১০ পাউন্ড (প্রায় ৪.৫ কেজি) ব্যবহার করছি।” ২. জটম্যান কার্ল তাঁর মতে, “এটি সাধারণ বাইসেপ কার্লকেও কঠিন প্রতিযোগিতায় ফেলে দেয়। আমি এখানে একটু বেশি ওজন, ১৫ পাউন্ড (প্রায় ৬.৮ কেজি) নিই, ধীরে ও নিয়ন্ত্রিতভাবে করি।” ৩. বেন্ট-ওভার রো তিনি বলেন, “এগুলো আমি কখনো বাদ দিই না। প্রতিবার ভারী ওজন নিয়ে করি। বুক ও পিঠের জন্য এটি অনেক উপকারী।”

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ