দেশে দিন দিন তরুণ ও কর্মক্ষম মানুষের মধ্যে আকস্মিক বা অকাল মৃত্যুর প্রবণতা বাড়ছে।


মো: সাইফুল ইসলাম (সাইফ), সাব এডিটর
সম্প্রতি কর্মস্থলে বা হঠাৎ করে হৃদরোগ ও অন্যান্য জটিলতায় মৃত্যুর ঘটনা প্রায়ই খবরের শিরোনাম হচ্ছে। চিকিৎসকরা বলছেন, সাধারণত বয়স্কদের সমস্যা বলে মনে করা হলেও অস্বাস্থ্যকর জীবনযাপন, খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং বিভিন্ন অসংক্রামক রোগের কারণে কম বয়সীরাও এখন মারাত্মক ঝুঁকিতে রয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, বাংলাদেশে মোট মৃত্যুর বড় একটি অংশ ঘটছে প্রধানত কয়েকটি অসংক্রামক রোগের কারণে। নিচে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ তুলে ধরা হলো:
১. হৃদরোগ বা হার্ট অ্যাটাক (কার্ডিওভাসকুলার ডিজিজ):
অল্প বয়সে আকস্মিক মৃত্যুর অন্যতম প্রধান কারণ হৃদরোগ। দেশে করোনারি আর্টারি ডিজিজ, উচ্চ রক্তচাপ ও হার্ট ফেইলিউর ধীরে ধীরে বাড়ছে। হার্টে পর্যাপ্ত রক্ত সরবরাহ বন্ধ হয়ে গেলে মাংসপেশিতে অক্সিজেন পৌঁছাতে পারে না, যা হার্ট অ্যাটাকের সৃষ্টি করে। আপাতদৃষ্টিতেও সুস্থ মানুষের হঠাৎ হার্ট অ্যাটাক হতে পারে। এর প্রধান লক্ষণ সেন্ট্রাল চেস্ট পেইন বা বুকের মাঝবরাবর তীব্র ব্যথা, যা বাম হাত, ঘাড়, চোয়াল কিংবা পিঠের দিকে ছড়িয়ে পড়তে পারে।
২. স্ট্রোক:
হৃদরোগের পর মৃত্যুর আরেকটি বড় কারণ হলো স্ট্রোক, যা সরাসরি মস্তিষ্কে আঘাত হানে। মস্তিষ্কের কোনো অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে কোষগুলো মারা গেলে স্ট্রোক হয়। যদিও আগে এটি বয়স্কদের রোগ মনে করা হতো, ইদানীং তরুণ ও যুবকদের মধ্যেও এর প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। হঠাৎ শরীরের একপাশ অবশ হয়ে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া, চোখে ঝাপসা দেখা বা ভারসাম্য হারানোর মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।
৩. ডায়াবেটিস:
বাংলাদেশে সব বয়সী মানুষের মাঝেই ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) তথ্য অনুযায়ী, বর্তমানে ডায়াবেটিস রোগীর সংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বে অষ্টম অবস্থানে রয়েছে। ১৫ থেকে তরুণ-তরুণীদের মধ্যেও এই রোগ পাওয়া যাচ্ছে। অতিরিক্ত ওজন, স্থূলতা এবং উচ্চ রক্তচাপ টাইপ-২ ডায়াবেটিসের প্রধান কারণগুলোর সঙ্গে জড়িত, যা পরবর্তীতে বড় ধরনের শারীরিক জটিলতা ও মৃত্যুর ঝুঁকি বাড়ায়।
৪. দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ:
অ্যাজমা এবং ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি)-এর মতো ফুসফুসজনিত দীর্ঘমেয়াদী রোগে বহু মানুষ আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে গ্রামাঞ্চলে লাকড়ি, গোবর বা ঘুঁটের ধোঁয়া এবং ধূমপান এসব রোগের বড় কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, দেশের একটি বড় অংশ ফুসফুসজনিত সমস্যায় ভুগে প্রাণ হারাচ্ছেন, যার বড় একটি অংশ এই দীর্ঘমেয়াদী রোগের শিকার।
৫. ক্যান্সার:
বাংলাদেশে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হিসেবে ক্যানসারও মাথাচাড়া দিয়ে উঠছে। পরিসংখ্যান ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি বছর বিভিন্ন ক্যানসারে আক্রান্ত হয়ে লাখের বেশি মানুষ মারা যাচ্ছেন। পুরুষদের মধ্যে ফুসফুস ও মুখগহ্বর এবং নারীদের মধ্যে স্তন ও জরায়ুমুখের ক্যানসার সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। সময়মতো রোগ নির্ণয় না হওয়ায় এটি অনেক সময় প্রাণঘাতী হয়ে দাঁড়ায়।
কী করণীয়?
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জীবনযাত্রার পদ্ধতিতে পরিবর্তন, তামাক বর্জন, খাদ্যাভ্যাসে সচেতনতা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে এই অকাল মৃত্যু রোধ করা সম্ভব। বিশেষ করে প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় এবং জরুরি স্বাস্থ্যসেবা সহজলভ্য করা গেলে বহু মানুষকে রক্ষা করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা।











