বৃদ্ধ বয়সে স্মৃতিশক্তি ভালো রাখতে সহায়ক হতে পারে চিনাবাদাম

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যাওয়ার ঝুঁকি বাড়ে।

News


মো: সাইফুল ইসলাম (সাইফ)

মো: সাইফুল ইসলাম (সাইফ), সাব এডিটর

প্রকাশ:

তবে নিয়মিত চিনাবাদাম খাওয়ার ফলে মস্তিষ্কের নির্দিষ্ট কিছু অঞ্চলে ইনসুলিনের প্রতি সাড়া দেওয়ার ক্ষমতা বাড়তে পারে। এর ইতিবাচক প্রভাব পড়তে পারে স্মৃতিসংশ্লিষ্ট কার্যক্রমেও। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

গবেষণাটি প্রকাশিত হয়েছে ফুড অ্যান্ড ফাংশন সাময়িকীতে। নেদারল্যান্ডসের মাস্ট্রিখট বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের গবেষকেরা ৬০ থেকে ৭৫ বছর বয়সী ৩১ জন সুস্থ মানুষের ওপর গবেষণাটি পরিচালনা করেন।

ইউরো নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিরা টানা ১৬ সপ্তাহ প্রতিদিন ৬০ গ্রাম করে খোসাসহ লবণবিহীন ভাজা চিনাবাদাম খান। পরে চিনাবাদাম না খাওয়ার একটি নির্দিষ্ট সময়ের ফলাফলের সঙ্গে তাঁদের শারীরিক পরিবর্তন তুলনা করা হয়।

গবেষণায় দেখা যায়, চিনাবাদাম খাওয়ার পর অংশগ্রহণকারীদের মস্তিষ্কের ডান পাশের কয়েকটি অঞ্চলে ইনসুলিনের প্রতি সাড়া দেওয়ার ক্ষমতা উন্নত হয়েছে। এসব অঞ্চলের মধ্যে রয়েছে হিপোক্যাম্পাস, প্যারাহিপোক্যাম্পাল গাইরাস, লিঙ্গুয়াল গাইরাস ও পোস্টেরিয়র সিঙ্গুলেট গাইরাস। মস্তিষ্কের এই অঞ্চলগুলো স্মৃতি সংরক্ষণ ও বিভিন্ন জ্ঞানীয় কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত।

গবেষকেরা অংশগ্রহণকারীদের নাকের মাধ্যমে ইনসুলিন প্রয়োগ করেন। এরপর এমআরআই প্রযুক্তি ব্যবহার করে মস্তিষ্কের বিভিন্ন অঞ্চলে রক্তপ্রবাহের পরিবর্তন পর্যবেক্ষণ করেন।

এর আগে একই গবেষক দলের ২০২৫ সালে ক্লিনিক্যাল নিউট্রিশন সাময়িকীতে প্রকাশিত আরেকটি গবেষণায় দেখা যায়, টানা ১৬ সপ্তাহ চিনাবাদাম খাওয়ার পর অংশগ্রহণকারীদের মস্তিষ্কে মোট রক্তপ্রবাহ ৩ দশমিক ৬ শতাংশ এবং মৌখিক স্মৃতিশক্তি ৫ দশমিক ৮ শতাংশ বেড়েছিল।

গবেষকদের মতে, চিনাবাদামে থাকা অসম্পৃক্ত চর্বি, আঁশ, ভিটামিন, খনিজ, উদ্ভিজ্জ প্রোটিন ও এল-আর্জিনিন এর সম্ভাব্য উপকারের পেছনে ভূমিকা রাখতে পারে। এল-আর্জিনিন শরীরে নাইট্রিক অক্সাইড উৎপাদনে সহায়তা করে। নাইট্রিক অক্সাইড রক্তনালির কার্যক্রম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তবে গবেষকেরা সতর্ক করে বলেছেন, চিনাবাদাম খেলে আলঝেইমার বা ডিমেনশিয়া প্রতিরোধ হয়, এমন কোনো নিশ্চিত প্রমাণ এখনো পাওয়া যায়নি। মাত্র ৩১ জনের ওপর পরিচালিত এই গবেষণার ফলাফল নিশ্চিত করতে আরও বড় পরিসরে এবং দীর্ঘ সময় ধরে গবেষণা প্রয়োজন।

অর্থাৎ, নিয়মিত চিনাবাদাম খাওয়া স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কার্যক্ষমতা ভালো রাখতে সহায়ক হতে পারে। তবে একে আলঝেইমার বা স্মৃতিভ্রংশ প্রতিরোধের নিশ্চিত উপায় হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।

সূত্র: ইউরো নিউজ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ