প্রায় ৫০০ উপজেলায় উন্নত চোখের চিকিৎসা চালুর পরিকল্পনা করেছে সরকার। ছানি অপারেশন, চশমা বিতরণ ও ডায়াবেটিক রেটিনোপ্যাথির চিকিৎসা মিলবে...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
দেশের প্রতিটি উপজেলায় উন্নত চক্ষু চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। নির্মাণাধীন ১৫১ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতালে পৃথক আউটডোর, ইনডোর ও অপারেশন থিয়েটার সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘WHO SPECS 2030 Initiative’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, চক্ষু চিকিৎসাকে আরও সহজলভ্য করতে সরকার একটি সমন্বিত ‘ন্যাশনাল আই কেয়ার প্ল্যান’ চূড়ান্ত করছে। এ পরিকল্পনার আওতায় প্রায় ১০ লাখ ছানি অপারেশন, কয়েক কোটি চশমা বিতরণ এবং ডায়াবেটিক রেটিনোপ্যাথির চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্য রয়েছে। তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১৫১ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরের কাজ চলছে। প্রায় ৫০০টি উপজেলায় উন্নত চক্ষু চিকিৎসার ব্যবস্থা করা হবে। এর ফলে প্রত্যন্ত এলাকার মানুষকে চোখের চিকিৎসার জন্য জেলা শহর বা রাজধানীতে ছুটতে হবে না।
তৃণমূল পর্যায়ে প্রাথমিক চক্ষু চিকিৎসা নিশ্চিত করতে সরকারের নিয়োগ প্রক্রিয়ায় থাকা প্রায় এক লাখ স্বাস্থ্যকর্মীর প্রশিক্ষণে ‘প্রাইমারি আই কেয়ার’ বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি।জেলা হাসপাতালগুলোর অবকাঠামো সমন্বয়ের মাধ্যমে দ্রুত অন্তত অর্ধেক জেলায় নিয়মিত ছানি অপারেশন ও রিফ্রাকশন সেবা জোরদার করার পরিকল্পনার কথাও জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, প্রতিষ্ঠানটির আধুনিকায়ন ও সম্প্রসারণে একটি বড় প্রকল্প নেওয়া হয়েছে, যা শিগগিরই বাস্তবায়ন করা হবে।সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিওগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের চক্ষু চিকিৎসার সাফল্য আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
ড. এম এ মুহিত বলেন, গত ছয় মাস ধরে স্বাস্থ্য মন্ত্রণালয় চক্ষু সেবার উন্নয়ন ও সম্প্রসারণে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে। সরকারের উদ্যোগে বাংলাদেশ একটি বৈশ্বিক সামিট আয়োজনের গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিও পেয়েছে।তিনি বলেন, আগামী তিন থেকে চার বছরের মধ্যে দেশের চক্ষু চিকিৎসা খাতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা সরকারের অন্যতম লক্ষ্য। অনুষ্ঠানে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. এএসএমএম কাদির, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক উপদেষ্টা ডা. তাশি তবগে এবং বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. আহমেদ জামশেদ মোহাম্মদসহ দেশি-বিদেশি প্রতিনিধিরা বক্তব্য দেন।
পিপল/এএইচ











