সৌদির পাইপলাইন বন্ধ ও হরমুজ প্রণালিতে স্থবিরতায় যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম ইতিহাসে সর্বোচ্চ ৬.২৩ ডলারে পৌঁছেছে। শঙ্কায় বিশ্ব অর্থনীতি...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ এবং হরমুজ প্রণালি ঘিরে সামরিক ও রাজনৈতিক উত্তেজনার জের ধরে যুক্তরাষ্ট্রে ডিজেলের খুচরা মূল্য ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) পরিসংখ্যান অনুযায়ী, সোমবার (১৪ সেপ্টেম্বর) দেশটিতে প্রতি গ্যালন ডিজেলের গড় দাম বেড়ে ৬.২৩ ডলারে দাঁড়িয়েছে—যা মার্কিন ইতিহাসে অতীতে কখনো দেখা যায়নি।
সম্প্রতি সৌদি আরবের গুরুত্বপূর্ণ 'ইস্ট-ওয়েস্ট' তেলের পাইপলাইনে হামলার পর নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এর কার্যক্রম স্থগিত ঘোষণা করে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। ইরানের সঙ্গে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ায় তেল পরিবহনে এই পাইপলাইনটিই ছিল প্রধান বিকল্প পথ। পাইপলাইনটি কবে নাগাদ পুনরায় চালু হবে, সে বিষয়ে সৌদি কতৃপক্ষ এখনো স্পষ্ট কিছু জানায়নি।
অন্যদিকে, হরমুজ প্রণালির কূটনৈতিক সংকট নিরসনে ইরান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যকার নির্ধারিত বৈঠকটি শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। মেরিন ট্রাফিকের উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, প্রণালিটি দিয়ে জাহাজের যাতায়াত আশঙ্কাজনকভাবে কমে এসেছে; যেখানে রোববার মাত্র ১৪টি এবং গত বৃহস্পতিবার মাত্র ৯টি জাহাজ উক্ত জলপথ অতিক্রম করেছে। একই সময়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ জোরদার করায় লোহিত সাগরের বাণিজ্য পথও চরম ঝুঁকিতে পড়েছে।
জলপথ ও পাইপলাইনের এই দ্বিমুখী সংকটে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম একলাফে অনেকটা বেড়ে গেছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি সর্বোচ্চ ১০৮ ডলারে এবং মার্কিন ক্রুডের দাম ১০৩ ডলারে গিয়ে ঠেকেছে। এর সরাসরি প্রভাব পড়েছে আমেরিকার অভ্যন্তরীণ জ্বালানি বাজারে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত দেশটিতে সাধারণ জ্বালানির দাম ৪৫ শতাংশ এবং অপরিশোধিত তেলের দাম ৫০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সাধারণ পেট্রোলের গড় দাম দাঁড়িয়েছে ৪.৩১ ডলার।
ডিজেলের এই রেকর্ড মূল্যবৃদ্ধিতে মার্কিন অর্থনীতিতে বড় ধরনের ধাক্কার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। কারণ ট্রাক, মালবাহী ট্রেন ও জাহাজের মতো পণ্য পরিবহন খাত পুরোপুরি ডিজেলনির্ভর। আর্থিক গবেষণা সংস্থা কেপিএমজির প্রধান অর্থনীতিবিদ ডায়ান সোয়াঙ্ক জানান, পরিবহন খরচ বেড়ে যাওয়ায় ডিজেলের এই রেকর্ড দর বৃদ্ধি চূড়ান্ত বিচারে সাধারণ ভোক্তা পর্যায়ের প্রায় সব ধরনের পণ্য ও সেবার মূল্য বাড়িয়ে দেবে, যা বৈশ্বিক মূল্যস্ফীতিকে আরও উসকে দিতে পারে।
পিপল/এএইচ












