আপনি কি অনেক বেশি একগুঁয়ে, নাকি মানুষকে খুব সহজেই ক্ষমা করে দেন? সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ‘অপটিক্যাল ইলিউশন’ বা দৃষ্টিভ্রমকারী ছবি...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
আপনি কি অনেক বেশি একগুঁয়ে, নাকি মানুষকে খুব সহজেই ক্ষমা করে দেন? সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ‘অপটিক্যাল ইলিউশন’ বা দৃষ্টিভ্রমকারী ছবি আপনার ব্যক্তিত্বের এই গোপন দিকটি প্রকাশ করার দাবি করছে।
টিকটক কনটেন্ট ক্রিয়েটর মিয়া ইলিন এই বিশেষ ছবিটি শেয়ার করেছেন, যা এরইমধ্যে নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ছবিটিতে প্রথম দর্শনে কেউ একটি ‘পাতা’ দেখতে পাচ্ছেন, আবার কেউ দেখছেন একজোড়া ‘ঠোঁট’। মিয়া ইলিনের দাবি, আপনি প্রথমে কোনটি দেখছেন তার ওপর ভিত্তি করেই বলা সম্ভব আপনার সামাজিক দক্ষতা বা মানসিক অবস্থা কেমন।
প্রথমে ‘পাতা’ দেখলে যা বোঝায়
মিয়া ইলিনের মতে, আপনি যদি ছবিতে প্রথমে পাতা দেখে থাকেন, তবে আপনি একজন অত্যন্ত মিশুক বা ‘লাইকঅ্যাবল’ মানুষ। সামাজিক যোগাযোগ স্থাপনে আপনার বিশেষ দক্ষতা রয়েছে এবং আপনি খুব সহজেই যে কাউকে বন্ধু বানিয়ে নিতে পারেন।
তবে এর একটি বিপরীত দিকও আছে। বাইরে থেকে আপনাকে অত্যন্ত উষ্ণ এবং বিনয়ী মনে হলেও, বাস্তবে আপনি মানুষকে সহজে বিশ্বাস করতে পারেন না। অতীতে বারবার আঘাত পাওয়ার কারণেই আপনার মধ্যে এই অবিশ্বাসের জন্ম। পাশাপাশি, আপনি বেশ একগুঁয়ে স্বভাবের। একবার কোনো বিষয়ে মনস্থির করলে অন্য কেউ আপনাকে দমাতে পারে না।
প্রথমে ‘ঠোঁট’ দেখলে যা বোঝায়
যারা ছবিতে প্রথমে ঠোঁট দেখছেন, মিয়া তাদের ‘সংবেদনশীল এবং আবেগপ্রবণ’ ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত করেছেন। এই ধরনের মানুষ সমাজের নেতিবাচক দিকগুলো বুঝলেও অন্যদের ভালো দিকগুলো দেখতে পছন্দ করেন।
মিয়া বলেন, ‘আপনি প্রায়ই ছোটখাটো বিষয়ে অন্যদের ছাড় দেন। এর মানে এই নয় যে আপনি দুর্বল, বরং ঝগড়া বা তর্কে জড়াতে আপনার ভালো লাগে না বলেই আপনি নমনীয় থাকেন।’ তবে এই ধরনের মানুষ দু-মুখো বা পেছনে গিবত করা মানুষদের চরম অপছন্দ করেন।
নেটিজেনদের প্রতিক্রিয়া
ভিডিওটি পোস্ট করার পর থেকে এখন পর্যন্ত লক্ষাধিক মানুষ এটি দেখেছেন। মন্তব্যের ঘরে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আপনার ব্যাখ্যা সবসময় এতটা নিখুঁত হয় কীভাবে? আমি অবাক হয়ে যাচ্ছি!’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘প্রতিটি কথাই আমার ব্যক্তিত্বের সঙ্গে মিলে গেছে।’
দৃষ্টিভ্রমের এই পরীক্ষাগুলো বৈজ্ঞানিকভাবে কতটা স্বীকৃত তা নিয়ে বিতর্ক থাকলেও, নেটিজেনদের কাছে নিজের ব্যক্তিত্বের অজানা দিক জানার এই রোমাঞ্চকর অভিজ্ঞতাটি বর্তমানে ইন্টারনেটে ট্রেন্ডিংয়ে রয়েছে।
পিপল/এনটি











