বিদেশে বাংলাদেশি শিক্ষার্থীরা কি শুধু নিজ কমিউনিটিতেই থাকা উচিত?

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি শিক্ষার্থী ছিলেন জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। ১৬ এপ্রিল তাঁরা নিখোঁজ হন।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মর্মান্তিক মৃত্যু প্রবাসী শিক্ষার্থী মহলে এক গভীর বিতর্কের জন্ম দিয়েছে। লিমনের ওপর হামলাকারী ছিল তাঁরই রুমমেট হিশাম আবুঘরবেহ। এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই পরামর্শ দিচ্ছেন যে, বিদেশে নিরাপদ থাকতে হলে কেবল বাংলাদেশি কমিউনিটির সঙ্গেই থাকা উচিত। তবে এই ধারণার বিপরীতে নিজের অভিজ্ঞতা ও ভিন্নধর্মী বিশ্লেষণ তুলে ধরেছেন অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটির পিএইচডি শিক্ষার্থী আরিফা জাহান ইমা।

নিজের অভিজ্ঞতা ও পরিচিত মানুষের আচরণ

আরিফা জাহান ইমা জানান, এমফিলের পর পিএইচডি করতে যখন তিনি অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে যান, তখন এক পরিচিত বাংলাদেশি বড় ভাই তাঁকে নিজ বাসায় তোলার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন, যা ইমাকে চরম বিপাকে ফেলে।

তিনি বলেন, "পরিচিত কমিউনিটি আমাদের ‘কমফোর্ট জোন’ হতে পারে, কিন্তু সেই আশ্বাস সবসময় কাজ করে না। মানুষ কথা দিয়ে কথা না রাখা কিংবা প্রয়োজনের সময় এড়িয়ে যাওয়ার মতো তিক্ত অভিজ্ঞতাও অনেকের আছে।"

ধর্ম বা জাতি কি নিরাপত্তার গ্যারান্টি?

অনেকেই বাসায় রুমমেট খোঁজার ক্ষেত্রে ‘একই ধর্ম’ বা ‘একই দেশি’ হওয়ার শর্ত জুড়ে দেন। ইমার মতে, ভালো বা খারাপ মানুষ হওয়া কোনো নির্দিষ্ট জাতি বা ধর্মের ওপর নির্ভর করে না। তিনি নিজেও একজন অস্ট্রেলীয়র কাছে বর্ণবাদের শিকার হয়ে বাসা বদলাতে বাধ্য হয়েছিলেন।

তাঁর মতে, "মানুষকে চেনা যায় তার চরিত্র, আচরণ এবং অন্যের সীমারেখাকে সম্মান করার মানসিকতা দিয়ে। বিশ্বাসটা একই পরিচয় দিয়ে তৈরি হয় না; এটি গড়ে ওঠে ছোট ছোট দায়বদ্ধতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে।"

সিস্টেমের ব্যর্থতা বনাম ব্যক্তিগত সিদ্ধান্ত

লিমন হত্যাকাণ্ডের ঘটনায় সমাজ যখন ‘কেন তিনি বাংলাদেশিদের সঙ্গে থাকলেন না’—এমন প্রশ্ন তুলছে, তখন ইমা আঙুল তুলছেন কাঠামোগত বা সিস্টেমের ব্যর্থতার দিকে। তিনি উল্লেখ করেন:

  • লিমন আগেই হাউজিং কমিটিকে অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু কেন ব্যবস্থা নেওয়া হলো না?

  • কেন তাঁকে সাময়িকভাবে অন্য কোথাও সরানো হলো না?

  • অভিযুক্ত হিশামের বিরুদ্ধে আগের রেকর্ড থাকা সত্ত্বেও সে কীভাবে এত সহজে বাসা ভাড়া পেল?

আসল সমাধান কোথায়?

ইমার মতে, বিপদ কখনো পরিচয় দেখে আসে না। নিরাপত্তা নিশ্চিত করা ব্যক্তির চেয়ে বেশি সিস্টেমের বা কর্তৃপক্ষের দায়িত্ব। তিনি মনে করেন, আলোচনার কেন্দ্রে থাকা উচিত ছিল প্রশাসনিক দুর্বলতাগুলো, কিন্তু আমরা বারবার ব্যক্তিগত পছন্দের ওপর দায় চাপিয়ে প্রকৃত সমস্যাকে আড়াল করছি।

বিদেশে জীবন এমনিতেই কঠিন। সেখানে টিকে থাকতে হলে অন্ধভাবে কোনো নির্দিষ্ট ‘লেবেল’ বা ‘কমিউনিটি’র ওপর নির্ভর না করে মানুষের ব্যবহার ও দায়িত্বশীলতাকে গুরুত্ব দেওয়া জরুরি। সবশেষে তিনি মনে করিয়ে দেন, মানুষ কার সঙ্গে থাকবে সেটি তার ব্যক্তিগত পছন্দ, কিন্তু সে নিরাপদ থাকবে কি না—সেটি রাষ্ট্রের বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ