১৯৭১ নিয়ে জামায়াতের ক্ষমার উদ্যোগ বারবার থেমে গেল কেন?

আব্দুর রাজ্জাকের স্মৃতিকথায় উঠে এসেছে ১৯৭১ নিয়ে জামায়াতের ক্ষমা চাওয়ার একাধিক উদ্যোগ, খসড়া ও অভ্যন্তরীণ মতবিরোধের বিবরণ।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

বিশেষ প্রতিবেদক : ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতার বিষয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার জন্য জামায়াতে ইসলামীর ভেতরে দুই দশকেরও বেশি সময় ধরে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছিল। তৈরি হয়েছিল একাধিক খসড়া বিবৃতিও। তবে দলীয় নেতৃত্বের অভ্যন্তরীণ মতপার্থক্য ও প্রভাবশালী অংশের আপত্তির কারণে এসব উদ্যোগ শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি—এমন বিবরণ উঠে এসেছে দলটির সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুর রাজ্জাকের মৃত্যুর পর প্রকাশিত স্মৃতিকথায়।

রাজ্জাকের বই ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’-এ ১৯৯৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে ক্ষমা চাওয়ার উদ্যোগ, এর পক্ষে-বিপক্ষে যুক্তি এবং দলীয় পর্যায়ে তৈরি খসড়াগুলোর বিবরণ রয়েছে। রাজ্জাক ২০০৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন। ২০১৯ সালে দল থেকে পদত্যাগের আগে তিনি দীর্ঘদিন ধরে ১৯৭১ সালের প্রশ্নটি দলীয়ভাবে মোকাবিলার পক্ষে অবস্থান নেন।

প্রথম উল্লেখযোগ্য উদ্যোগের কথা আসে ১৯৯৪ সালে। ওই সময় সুপ্রিম কোর্টের রায়ের পর তৎকালীন জামায়াত আমির গোলাম আযম বাংলাদেশের নাগরিকত্ব ফিরে পান। তার একটি জনসমাবেশের বক্তব্য প্রস্তুতের জন্য গঠিত কমিটি তাকে ১৯৭১ সালে জামায়াতের ভূমিকা নিয়ে অবস্থান স্পষ্ট করার পরামর্শ দেয়। রাজ্জাকের বর্ণনা অনুযায়ী, গোলাম আযম নীতিগতভাবে প্রস্তাবটিতে সম্মত হলেও শেষ পর্যন্ত সরাসরি ক্ষমা চাওয়ার পরিবর্তে অতীতের ভুলের জন্য সাধারণভাবে দুঃখ প্রকাশ করেন। রাজ্জাক ওই বক্তব্যকে যথেষ্ট মনে করেননি।

২০০১ সালের নির্বাচনে চারদলীয় জোটের বিজয়ের পর বিষয়টি আবার সামনে আসে। রাজ্জাকের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন অধ্যাপকের সহায়তায় একটি বিবৃতির খসড়া তৈরির কাজ শুরু হয়। জামায়াতের তৎকালীন আমির মতিউর রহমান নিজামীর সভাপতিত্বে বৈঠক এবং পরে আলী আহসান মুহাম্মদ মুজাহিদের নেতৃত্বে একটি উপকমিটির মাধ্যমে খসড়াটি পরিমার্জন করা হয়। রাজ্জাকের ভাষ্য অনুযায়ী, উপকমিটি অন্তত ছয়বার বৈঠক করে এবং সাতটির বেশি খসড়া তৈরির পর একটি বিবৃতিতে ঐকমত্যে পৌঁছায়। এমনকি বিজয় দিবসের আগে সংবাদ সম্মেলনের পরিকল্পনাও করা হয়েছিল।

তবে রাজ্জাকের বর্ণনায়, চূড়ান্ত পর্যায়ে নিজামী ক্ষমা চাওয়ার বিষয়ে অবস্থান পরিবর্তন করেন। মুজাহিদ তাকে জানিয়েছিলেন, দলের এক প্রবীণের পরামর্শে নিজামী মত পরিবর্তন করে থাকতে পারেন। ওই প্রবীণের নাম অবশ্য প্রকাশ করা হয়নি। পরে নিজামী বিষয়টি দলের ওয়ার্কিং কমিটিতে তোলার সিদ্ধান্ত নেন।

২০০৫ সালের অক্টোবরে বিষয়টি ওয়ার্কিং কমিটিতে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়। রাজ্জাক ১৯৭১ সালের ২৫ মার্চের পর পাকিস্তানি সেনাবাহিনীর প্রতি জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন এবং ক্ষমা চাওয়ার পক্ষে যুক্তি দেন। কিন্তু কণ্ঠভোটে তার প্রস্তাব বিপুল সংখ্যাগরিষ্ঠতায় প্রত্যাখ্যাত হয়।

রাজ্জাকের বই অনুযায়ী, ক্ষমা চাওয়ার বিরোধিতায় দলের ভেতর থেকে বিভিন্ন যুক্তি দেওয়া হয়েছিল। কেউ মনে করতেন পাকিস্তানের অখণ্ডতার পক্ষে অবস্থান নেওয়া ভুল ছিল না; কেউ ভারতের আধিপত্যের আশঙ্কার কথা তুলে ধরেছিলেন। আবার কেউ যুক্তি দিয়েছিলেন, জামায়াত ক্ষমা চাইলেও আওয়ামী লীগ ও তাদের মিত্ররা তা গ্রহণ করবে না। একজন সাবেক সংসদ সদস্য এমন আশঙ্কাও প্রকাশ করেছিলেন যে ক্ষমা চাইলে পাকিস্তান অসন্তুষ্ট হতে পারে। রাজ্জাক পরে লিখেছেন, পরবর্তী ঘটনাপ্রবাহ তাকে ওই মূল্যায়নের বিষয়ে ভিন্ন সিদ্ধান্তে পৌঁছাতে বাধ্য করে।

২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত ওয়ার্কিং কমিটি ও নির্বাহী কমিটির বিভিন্ন বৈঠকে ১৯৭১ সালের ভূমিকা নিয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। রাজ্জাকের দাবি, বিষয়টি নিয়ে যারা উদ্যোগ নেওয়ার পক্ষে ছিলেন, তাদের ওপর অভ্যন্তরীণ চাপও ছিল।

২০১১ সালে মজলিসে শুরার সর্বশেষ উন্মুক্ত অধিবেশনেও রাজ্জাক আবার বিষয়টি সামনে আনেন এবং বিশেষ করে তরুণ সদস্যদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তবে তার প্রচেষ্টা তখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তে রূপ নেয়নি।

এরপর ২০১৬ সালে দলটির কয়েকজন শীর্ষ নেতার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর নেতৃত্বে পরিবর্তন আসে। নতুন আমির নির্বাচিত হওয়ার পর আবারও ১৯৭১ সালের বিষয়টি মোকাবিলার উদ্যোগ নেওয়া হয়। দলীয় একটি কমিটির অনুরোধে রাজ্জাক ২১ নভেম্বর একটি খসড়া ক্ষমা প্রার্থনার বিবৃতি তৈরি করেন।

সেই খসড়ায় ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করার জন্য দুঃখ প্রকাশ ও জনগণের কাছে ক্ষমা চাওয়ার কথা ছিল। একই সঙ্গে সামরিক অভিযানের বিরোধিতা না করা এবং নির্যাতনের প্রতিবাদ করতে না পারার জন্য দুঃখ প্রকাশের কথাও উল্লেখ ছিল। তবে খসড়াটিতে জামায়াতের কোনো নেতা-কর্মী বা সমর্থক যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন না—এমন দাবিও রাখা হয়েছিল।

২০১৮ সালের জাতীয় নির্বাচনের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। রাজ্জাকের বর্ণনা অনুযায়ী, দলের নির্বাহী কমিটির এক বৈঠকে ১৯৭১ সালের বিষয়টি মোকাবিলা, দল বিলুপ্ত করা এবং পরে নতুন দল গঠনের মতো প্রস্তাব নিয়ে আলোচনা হয়। শুরার সদস্যদের মধ্যেও মতামত নেওয়া হয়েছিল। তার দাবি, বিপুল সংখ্যাগরিষ্ঠ সদস্য দল বিলুপ্তির পক্ষে থাকলেও প্রায় এক-তৃতীয়াংশ সদস্য মুক্তিযুদ্ধে দলের ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার পক্ষে মত দেন।

কিন্তু পরবর্তী সময়ে জামায়াতের নির্বাহী কমিটি আগের অবস্থান থেকে সরে আসে। ক্ষমা চাওয়া বা দল বিলুপ্ত—কোনোটিই করা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্জাকের ভাষ্য অনুযায়ী, এই সিদ্ধান্তের পরই তিনি দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন।

রাজ্জাকের স্মৃতিকথায় তিনি বারবার দেখানোর চেষ্টা করেছেন যে, ১৯৭১ সালের ভূমিকা নিয়ে জামায়াতের ভেতরে একটি অংশ দীর্ঘদিন ধরে অবস্থান পুনর্বিবেচনার চেষ্টা করলেও দলীয় নেতৃত্বের অভ্যন্তরীণ মতপার্থক্য ও বিরোধিতায় তা বাস্তবায়িত হয়নি। তার মতে, একাধিক খসড়া তৈরি ও আলোচনা হলেও কোনোটি আনুষ্ঠানিক দলীয় ক্ষমা প্রার্থনায় পরিণত হয়নি।

২০২৫ সালের মে মাসে মারা যান আব্দুর রাজ্জাক। মৃত্যুর আগে লেখা বইয়ে তিনি ১৯৭১ সালে জামায়াতের ভূমিকার বিষয়টিকে দলটির অন্যতম বড় রাজনৈতিক দুর্বলতা হিসেবে উল্লেখ করেন।

কেএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ