রংপুর লং মার্চে কোনো বিশৃঙ্খলা কাম্য নয়: গোলাম পারওয়ার

১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখার আহ্বান জানিয়েছেন জামায়াত নেতা গোলাম পরওয়ার।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। কর্মসূচিকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা, ভাঙচুর বা অস্থিতিশীলতা চান না বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, লংমার্চটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার, প্রশাসন, পুলিশ, ট্রাফিক বিভাগ, গোয়েন্দা সংস্থা এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের লিখিতভাবে জানানো হয়েছে। কর্মসূচিতে কোনো ধরনের সহিংসতা বা অস্থিতিশীলতার পরিকল্পনা নেই বলেও জানান তিনি।

কেউ ইচ্ছাকৃতভাবে কর্মসূচিতে বাধা দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে তা থেকে বিরত থাকার আহ্বান জানান জামায়াতের এই নেতা। একই সঙ্গে কর্মসূচিতে অংশগ্রহণকারীদেরও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গোলাম পরওয়ার অভিযোগ করেন, গণভোটের রায় প্রত্যাখ্যানের কারণে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। সংখ্যাগরিষ্ঠতার শক্তি ব্যবহার করে জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত না নেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। স্থানীয় সরকার নির্বাচন এবং এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচন-সংক্রান্ত বিধান নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি।

তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠতার ক্ষমতা প্রয়োগ করে দীর্ঘদিনের আইন পরিবর্তন বা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অধিকার সীমিত করার উদ্যোগ নেওয়া উচিত নয়। এ ধরনের প্রবণতা নিয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

লংমার্চের কর্মসূচি অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে উদ্বোধনী সমাবেশ হবে। সকাল ৮টার দিকে সেখান থেকে গাড়িবহর রংপুরের উদ্দেশে যাত্রা করবে। পথে গাজীপুরের ভোগড়া বাইপাস, টাঙ্গাইলের নগর জালফৈ, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়ার মাটিডালি এবং গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা করার পরিকল্পনা রয়েছে। এরপর রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

লংমার্চের গাড়িবহরে বিভিন্ন জেলার নেতাকর্মীদের যুক্ত হওয়ার সুযোগ থাকবে। বহরের সঙ্গে স্বেচ্ছাসেবক, নিরাপত্তা, মেডিকেল ও অ্যাম্বুলেন্স টিমের পাশাপাশি আইটি ও মিডিয়া টিমও থাকবে বলে জানান গোলাম পরওয়ার।

দীর্ঘ পথ হওয়ায় অংশগ্রহণকারীদের নিজেদের প্রয়োজনীয় শুকনা খাবার, পানি ও ওষুধ সঙ্গে রাখার পরামর্শ দিয়েছেন তিনি। পথে আলাদাভাবে রান্না করা খাবারের ব্যবস্থা থাকবে না বলেও জানান তিনি।

কেএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ