১১ দলীয় ঐক্যের লংমার্চ
আট দফা যেকোনো সময় এক দফা হতে পারে: শফিকুর রহমান

জামায়াত আমির শফিকুর রহমান বলেছেন, জনগণের দাবি যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে। ১১ দলীয় জোটের ঢাকা-রংপুর লং মার্চে দেন কঠোর বার্তা।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের বিভিন্ন দাবি পরিস্থিতি ও প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় এক দফার দাবিতে পরিণত হতে পারে। তিনি বলেন, দাবি মেনে নেওয়া না হলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে রংপুরের উদ্দেশে লং মার্চ শুরু হয়।

শফিকুর রহমান বলেন, এর আগে ঢাকা-চট্টগ্রাম লং মার্চ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এরপর রাজধানীতে গত দুই দিনে কিছু উত্তেজনার লক্ষণ দেখা গেছে বলেও মন্তব্য করেন তিনি। সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি হতাশ হয়ে উত্তেজিত না হয়ে জনগণের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, বর্তমানে আট দফা দাবি রয়েছে। সময়ের সঙ্গে তা নয় বা দশ দফায় রূপ নিতে পারে। আবার জাতির প্রয়োজন হলে এসব দাবি এক দফায় পরিণত হতে পারে। সে পরিস্থিতি তৈরি হওয়ার আগেই সাম্প্রতিক অতীত থেকে শিক্ষা নিয়ে জনগণের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।

জামায়াত আমির আরও বলেন, ১১ দলীয় ঐক্য দেশের জনগণের দাবিকে সামনে রেখে মাঠে নেমেছে। এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তুলে ধরা হয়েছে।

উদ্বোধনী সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম সঞ্চালনা করেন। উদ্বোধনী বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

সমাবেশে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

কেএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ