অবৈধ ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতা কারাগারে

অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির দায়ে ফরিদপুরে এনসিপি নেতা বায়েজিদকে ৬ মাসের কারাদণ্ড ও জরিপানা করেছেন ভ্রাম্যমাণ আদালত...

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

ফরিদপুরে অবৈধভাবে যৌন উত্তেজক ও বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ওষুধ তৈরি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও সশ্রম সাজা প্রদান করা হয়। দণ্ডাদেশ ঘোষণার পর তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুর শহরের গোয়ালচামট মোল্লা বাড়ি সড়ক এলাকায় বায়েজিদের মালিকানাধীন ‘মেসার্স জনতা ল্যাবরেটরিজ’ নামের কারখানায় যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে লাইসেন্স ও প্রশাসনিক অনুমোদন ব্যতিরেকে বায়েজিদ ওই কারখানাটি পরিচালনা করে আসছিলেন। অভিযানে কারখানায় ক্ষতিকর কেমিক্যাল সমৃদ্ধ শিশুদের ‘বেবি জেল’, প্রাপ্তবয়স্কদের অপমিশ্রিত যৌন উত্তেজক ওষুধ এবং মেয়াদোত্তীর্ণ প্রমোশনাল আয়ুর্বেদিক সিরাপ তৈরির প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানা প্রাঙ্গণ থেকে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ, উপাদান ও রাসায়নিক জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্ত বায়েজিদ হোসেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। তিনি বর্তমানে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় স্থায়ীভাবে বাস করছেন।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো জানান, ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের ৬/১ ধারা লঙ্ঘনের অপরাধে এ শাস্তি প্রদান করা হয়। উদ্ধারকৃত সব অবৈধ ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ ওষুধ জব্দ করে ধ্বংসের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ফরিদপুর জেলা এনসিপির সদস্য সচিব সাইফ হাসান খান বলেন, "জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নীতিগতভাবে কোনো অন্যায় বা অনৈতিক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। দলীয় পদধারী কেউ যদি আইনবিরোধী অপরাধে যুক্ত থাকেন, খোঁজখবর নিয়ে তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কেন্দ্রীয় নেতৃত্বকে তা অবহিত করা হবে।"

পিপল/এএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ