আদানি বিদ্যুৎ সরবরাহে বারবার বিপর্যয়, নাশকতার সন্দেহ রিজভীর

আদানি বিদ্যুৎ সরবরাহে বারবার বিঘ্ন নিয়ে নাশকতা বা ষড়যন্ত্রের প্রশ্ন তুলেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

নিজস্ব প্রতিবেদক : ভারতের আদানি বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে বারবার বিঘ্নের পেছনে নাশকতা বা কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ১২ দলীয় জোট আয়োজিত ‘দেশের চলমান সংকট ও দেশপ্রেমিক শক্তির করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আদানি বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে এবং সেখান থেকে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে। দেশের বিভিন্ন দিক থেকে সংকট তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘কোনো ঘটনা ঘটছে কি না, কোনো রহস্য আছে কি না, কোথাও নাশকতা হচ্ছে কি না—এ প্রশ্ন শুধু আমার নয়, মানুষের মনেও এসেছে। কেন একের পর এক কারিগরি ত্রুটি দেখা দিচ্ছে? কোথাও কেন একটি ইউনিট বন্ধ হয়ে যাচ্ছে?’

রিজভীর মতে, এসব ঘটনা নিয়ে মানুষের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি বাধাগ্রস্ত করতে কোথাও কোনো ষড়যন্ত্র চলছে কি না, তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

তিনি বলেন, সরকার বিদ্যুৎকেন্দ্রগুলোর পাওনা কিস্তিতে পরিশোধ করছে এবং ভারতের সঙ্গে বিদ্যুৎসহ বিভিন্ন আন্তর্জাতিক চুক্তির আওতায় থাকা দেনাও পরিশোধ করছে। তাহলে বিদ্যুৎ সরবরাহে বারবার এমন সমস্যা কেন হচ্ছে—সে প্রশ্নও তোলেন তিনি।

রিজভী বলেন, দেশের চলমান সংকটের কিছু বিষয় কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে বলে তার মনে হচ্ছে। তবে কোনো নির্দিষ্ট ষড়যন্ত্রের বিষয়ে তিনি নিশ্চিত নন বলেও জানান।

তিনি বলেন, ‘বাস্তবতা, ঘটনার পরম্পরা ও বর্তমান পরিস্থিতি দেখলে মনে হয়, কোথাও কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত থাকতে পারে।’

২০০১ থেকে ২০০৬ সালের সময়ের বিভিন্ন ঘটনার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, তখনও এ ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল বলে তিনি মনে করেন। এসব ঘটনা সরকারের স্বাভাবিক কর্মকাণ্ড, জনকল্যাণমূলক কর্মসূচি ও সামাজিক সুরক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি বন্ধ করে দেওয়ার জন্য কোনো ষড়যন্ত্র চলছে কি না, সে প্রশ্নও তোলেন বিএনপির এই নেতা।

এ ছাড়া নিষিদ্ধ একটি রাজনৈতিক দল কীভাবে আবার প্রকাশ্যে আসার চেষ্টা করছে এবং বিপুলসংখ্যক মানুষকে সংগঠিত করতে পারছে, তা নিয়েও প্রশ্ন তোলেন রিজভী। এ ক্ষেত্রে গোয়েন্দা সংস্থা ও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন করেন।

রংপুরে একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় রিজভী বলেন, সরকার দ্রুত ব্যবস্থা নিয়ে জড়িতদের গ্রেপ্তার করেছে এবং তাদের আইনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। দেশে ‘ফ্যাসিবাদের’ পুনরুত্থানের কোনো সুযোগ দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, ফ্যাসিবাদ ফিরে এলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার চরম হুমকির মুখে পড়বে।

কেএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ