রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। কয়েক মাসের কারিগরি পরীক্ষা ও নিরাপত্তা যাচাই শেষে আগামী বছর কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক উৎপাদন শুরুর পরিকল্পনা রয়েছে।

ছবিঃ সংগ্রহীত

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
দেশের ইতিহাসে প্রথমবারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ৩টা ১৬ মিনিটে কেন্দ্রটি থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হয়।
তবে এখনই বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে না কেন্দ্রটি। বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতা, নিরাপত্তা এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থা যাচাই করতে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হিসেবে বাংলাদেশের নাম যুক্ত হয়েছে। তবে পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষা শেষে নিয়মিতভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে এ অর্জনের আনুষ্ঠানিক স্বীকৃতি মিলবে।
এর আগে ২০২৩ সালের অক্টোবরে প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি পৌঁছানোর পর রূপপুর বিদ্যুৎকেন্দ্র পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পায়। জ্বালানি গ্রহণের মধ্য দিয়ে পারমাণবিক শক্তির অধিকারী দেশের তালিকায়ও বাংলাদেশের নাম ওঠে।
পরীক্ষামূলক সরবরাহে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ
জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের বিষয়ে গতকাল পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্রের সামনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম সাংবাদিকদের বলেন, পরীক্ষামূলকভাবে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষজনক। পরবর্তী সময়ে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পর্যবেক্ষণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সংস্থাটির প্রতিনিধিদল প্রকল্পের সার্বিক অগ্রগতি ও নিরাপত্তাব্যবস্থায় সন্তুষ্ট। এ কারণেই সফলভাবে গ্রিড সিনক্রোনাইজেশন পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হয়েছে।
এ সময় প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক জাহেদুল হাছান এবং প্রকল্প পরিচালক মো. কবীর হোসেন উপস্থিত ছিলেন।
চলবে কয়েক মাসের পরীক্ষা-নিরীক্ষা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ গতকাল ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা ছিল।
এ সময় বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণসহ গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা সম্পন্ন করার কথা।
পরবর্তী সময়ে বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবার ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা চালানো হবে।
রূপপুর কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা সম্পন্ন হওয়ার পর প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এর মধ্য দিয়ে প্রথম ইউনিটটি ঠিকাদারের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তী সময়ে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে পরিচালনাকারী সংস্থা হিসেবে এনপিসিবিএলের কার্যক্রম শুরু হবে।
গ্রিডে বিদ্যুৎ সরবরাহে ওঠানামার আশঙ্কা
বিদ্যুৎকেন্দ্রটির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরীক্ষামূলক পর্যায়ে জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে না। কেন্দ্রটির সাময়িক বন্ধ রাখা এবং বিদ্যুৎ সরবরাহের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রিডের ভারসাম্য বজায় রাখতে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারাও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
নিরাপত্তা পরীক্ষার পর শুরু হয় পারমাণবিক বিক্রিয়া
বিদ্যুৎকেন্দ্রটির সংশ্লিষ্ট সূত্র জানায়, পারমাণবিক বিকিরণের মাধ্যমে শক্তি উৎপাদন প্রক্রিয়া গত সেপ্টেম্বরে শুরুর পরিকল্পনা ছিল। তবে নিরাপত্তা ভালভের পরীক্ষায় ত্রুটি ধরা পড়ায় কার্যক্রম পিছিয়ে যায়।
পরবর্তী সময়ে ত্রুটি সংশোধন ও পরীক্ষা সফলভাবে সম্পন্ন করে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমতি নিয়ে গত ১১ অক্টোবর পারমাণবিক বিক্রিয়া শুরু হয়।
গত ২৯ অক্টোবর ভৌত পরীক্ষার ফলাফল বায়েরার অনুমোদন পাওয়ার পর রূপপুর বিদ্যুৎকেন্দ্র পরবর্তী ধাপ বা ‘সি স্টেজে’ প্রবেশ করে। এরপর গতকাল জাতীয় গ্রিডে সীমিত পরিসরে বিদ্যুৎ সরবরাহ শুরু হলো। এ ধাপের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে কেন্দ্রটি ‘ডি স্টেজে’ যাবে, যা চূড়ান্ত ধাপ।
পূর্ণ সক্ষমতায় যেতে লাগবে আরও কয়েক মাস
বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা পর্যায়ক্রমে ১০০ শতাংশে উন্নীত করতে বায়েরার কাছ থেকে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন নিতে হবে। এ জন্য পরীক্ষার ফলাফলসংবলিত প্রতিবেদন নিয়ন্ত্রক সংস্থাটির কাছে জমা দেবে রূপপুর কর্তৃপক্ষ।
অনুমোদন পাওয়ার পর উৎপাদন সক্ষমতা বাড়ানোর কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ চলবে। ধাপে ধাপে উৎপাদন সক্ষমতা ১০০ শতাংশে উন্নীত করতে কয়েক মাস সময় লাগতে পারে।
সব পরীক্ষা ও অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী বছর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে।











