৭ নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না।

ছবিঃ PMO Bangladesh

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ভবিষ্যতে কেউ যেন জনগণের অধিকার কেড়ে নিতে না পারে, সে জন্য ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় ঐক্য বজায় থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না।
শনিবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর ছিল শত্রু-মিত্র চেনার দিন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা যেভাবে দেশের স্বাধীনতা রক্ষায় ভূমিকা রেখেছে, একইভাবে ১৯৭৫ সালে সিপাহি-জনতাও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা পালন করেছিল। তাঁর ভাষায়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের লড়াই, আর ২০২৪ সালের আন্দোলন ছিল স্বাধীনতা রক্ষার আন্দোলন। ৭ নভেম্বরের নায়ক ছিলেন দেশপ্রেমিক সিপাহি-জনতা।
প্রধানমন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৭ নভেম্বর যেভাবে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিলেন, মুক্তিযুদ্ধের সময়ও একইভাবে রণাঙ্গনে দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন।
তিনি অভিযোগ করেন, একটি পক্ষ বাংলাদেশকে অন্যের ওপর নির্ভরশীল রাষ্ট্রে পরিণত করতে এবং সশস্ত্র বাহিনীর গৌরব ক্ষুণ্ন করতে চেয়েছিল। সিপাহি-জনতা তাদের ষড়যন্ত্র প্রতিহত করেছিল। তবে এ ধরনের ষড়যন্ত্র পরবর্তী সময়েও অব্যাহত ছিল বলে মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে পিলখানায় সেনা হত্যাকাণ্ড ও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার ঘটনাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
এর আগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আর্মি স্টেডিয়ামে আয়োজিত বর্ণাঢ্য কুচকাওয়াজ ও বিশেষ প্রদর্শনী উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।











