জলবায়ু ন্যায়বিচারে বৈশ্বিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ার আহ্বানে জাতিসংঘে ভাষণ প্রধানমন্ত্রী তারেক রহমানের; ৫ দফা দাবি পেশ...

Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় একটি টেকসই ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন এবং ক্ষয়ক্ষতি ও লোকসান তহবিলের কার্যকর বাস্তবায়নের দাবি জানিয়েছেন তিনি।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের ট্রাস্টিশিপ কাউন্সিলে মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত ‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্য জাস্ট ট্রানজিশন’ শীর্ষক উচ্চপর্যায়ের সভায় আজ বিকেলে তিনি এসব কথা বলেন।

ভাষণে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান ০.৫ শতাংশেরও কম হলেও, ভৌগোলিক অবস্থানের কারণে দেশটি জলবায়ু পরিবর্তনের সবচেয়ে মারাত্মক ঝুঁকিতে রয়েছে। চলতি শতাব্দীর শেষ নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে দেশের ১২ থেকে ১৮ শতাংশ উপকূলীয় এলাকা তলিয়ে যেতে পারে, যা কোটি কোটি মানুষের জীবিকা ও খাদ্যনিরাপত্তাকে মারাত্মক হুমকিতে ফেলবে।

জলবায়ু প্রভাবে দেশের বার্ষিক ক্ষতি জিডিপির প্রায় ১ শতাংশের সমান জানিয়ে তিনি বলেন, চলতি বাজেটে অভিযোজন খাতে ৩.১৯ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ রাখা হলেও আন্তর্জাতিক আর্থিক ও কারিগরি সহায়তা ছাড়া এই ক্ষতি সামাল দেওয়া অসম্ভব।

সরকারের বিভিন্ন টেকসই পদক্ষেপ তুলে ধরে তারেক রহমান জানান, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখনন এবং পদ্মা ও তিস্তা ব্যারাজের মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জলবায়ু সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে ৫টি জরুরি পদক্ষেপের আহ্বান জানান: ১. বৈশ্বিক উষ্ণায়ন ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা। ২. ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সুনির্দিষ্ট ও সুলভ জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা। ৩. জলবায়ু-স্মার্ট প্রযুক্তিতে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করে একটি ন্যায্য উত্তরণ গড়ে তোলা। ৪. ক্ষমতা বৃদ্ধি ও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটানো। ৫. ক্ষয়ক্ষতি ও লোকসান (Loss and Damage) তহবিলের পূর্ণ বাস্তবায়ন ও নিয়মিত অর্থ সরবরাহ রাখা।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান উপলক্ষে প্রধানমন্ত্রী বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। আগামী ২৪ সেপ্টেম্বর অধিবেশনে বাংলাদেশের পক্ষে তাঁর মূল ভাষণ দেওয়ার কথা রয়েছে।

পিপল/এএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ