তথ্য ফাঁসের সন্দেহে ডিএমপির থানার রাইটারদের গণবদলি

ডিএমপির ৫০ থানার রাইটারদের একযোগে বদলি। তথ্য ফাঁসের সন্দেহ নিয়ে আলোচনা থাকলেও পুলিশ বলছে, এটি নিয়মিত বদলির অংশ।

Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

বিশেষ প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০টি থানায় কর্মরত কম্পিউটার অপারেটর বা ‘রাইটার’দের একযোগে বদলি করা হয়েছে। থানার অনলাইন জিডি, মামলার নথি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ও গোপনীয় তথ্য কম্পিউটারে সংরক্ষণ ও সার্ভারে আপলোডের দায়িত্বে থাকা এসব সদস্যকে সম্প্রতি বিভিন্ন অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ও নন-অপারেশনাল ইউনিটে পদায়ন করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বদলির আদেশে একসঙ্গে এত রাইটারকে সরিয়ে দেওয়ার কারণ স্পষ্ট করে উল্লেখ করা হয়নি। সেখানে শুধু ‘জনস্বার্থে’ বদলির কথা বলা হয়েছে। সাধারণত থানার রাইটারদের এক থানা থেকে অন্য থানায় বদলি করা হলেও এবার তাদের অনেককেই কোনো থানায় না দিয়ে পুলিশের রিজার্ভসহ বিভিন্ন নন-অপারেশনাল ইউনিটে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, কয়েকজন রাইটারের সঙ্গে চাকরিচ্যুত ও পলাতক পুলিশ কর্মকর্তাদের যোগাযোগ রয়েছে—এমন সন্দেহ তৈরি হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী হিসেবে পরিচিত কিছু পুলিশ কর্মকর্তার কাছে থানার গুরুত্বপূর্ণ ও গোপনীয় নথি বা তথ্য ফাঁস করা হচ্ছে কি না, তা নিয়েও সন্দেহের কথা জানিয়েছে সূত্র। তবে এসব অভিযোগের পক্ষে প্রকাশ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি।

একজন ডিএমপি কর্মকর্তা জানান, ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসানের একটি অডিও ভাইরাল হওয়ার পর তথ্যের নিরাপত্তা নিয়ে কর্মকর্তাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। তারই অংশ হিসেবে ডিএমপির আটটি ক্রাইম বিভাগের বিভিন্ন থানায় কর্মরত অনেক কম্পিউটার অপারেটরকে বদলি করা হয়েছে এবং কয়েকজনের কার্যক্রম নজরদারিতে রাখা হয়েছে।

গত ১৬ সেপ্টেম্বর ডিএমপি কমিশনারের কার্যালয়ের আদেশ নম্বর ৪৪৪৩-এর মাধ্যমে বিভিন্ন ক্রাইম বিভাগের থানায় কর্মরত কম্পিউটার অপারেটরদের বদলির নির্দেশ দেওয়া হয়। আদেশে ডিএমপির উপকমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) শাহরিয়ার আলী এবং অতিরিক্ত উপকমিশনার ফাহমিদা হক শেলী স্বাক্ষর করেন। রাইটারদের একযোগে বদলির কারণ জানতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

বদলির তালিকায় থাকা কয়েকজন কম্পিউটার অপারেটর অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তাদের ভাষ্য, ২০২৪ সালের ৫ আগস্টের আগে তারা বিভিন্ন জেলার অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ থানায় কর্মরত ছিলেন। পরে দক্ষতা বিবেচনায় তাদের ডিএমপির বিভিন্ন থানায় বদলি করা হয়। ফলে পলাতক বা চাকরিচ্যুত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ কিংবা তাদের কাছে তথ্য পাচারের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তারা। তাদের মতে, কারও বিরুদ্ধে নির্দিষ্ট তথ্য-প্রমাণ থাকলে ব্যক্তিগতভাবে ব্যবস্থা নেওয়া যেত; সবাইকে একযোগে বদলি করায় অন্য পুলিশ সদস্যদের মধ্যেও বদলি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

থানার কম্পিউটার অপারেটরদের তদারকির দায়িত্ব সাধারণত উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার ‘স্টেটমেন্ট অফিসার’-এর ওপর থাকে। একাধিক স্টেটমেন্ট অফিসার জানান, রাইটারদের একযোগে বদলি করা হলেও সোমবার পর্যন্ত অনেক থানায় নতুন করে কাউকে পদায়ন করা হয়নি। ফলে এসব থানায় জনবল সংকট তৈরি হয়েছে এবং নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে।

ডিএমপির দুটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারাও জানান, রাইটার পদে অভিজ্ঞ ও কাজ জানা সদস্যদের দ্রুত পদায়ন না করা হলে থানার দৈনন্দিন কার্যক্রমে সমস্যা হতে পারে। এতে সাধারণ মানুষও প্রয়োজনীয় সেবা পেতে ভোগান্তিতে পড়তে পারেন।

একটি গুরুত্বপূর্ণ থানার স্টেটমেন্ট অফিসার জানান, সেখানে চারজন রাইটার দিন-রাত দায়িত্ব পালন করতেন। তাদের কাজের চাপ ছিল নিয়মিতই বেশি। এর মধ্যে তিনজনকে বদলি করা হলেও সোমবার পর্যন্ত নতুন কাউকে পদায়ন করা হয়নি। ফলে থানার প্রায় সব ধরনের নথিপত্র ও কম্পিউটারভিত্তিক কাজে চাপ বেড়েছে।

তবে তথ্য পাচারের অভিযোগকে সঠিক নয় বলে জানিয়েছেন ডিএমপির প্রশাসন বিভাগের অতিরিক্ত দায়িত্বে থাকা অতিরিক্ত কমিশনার মো. মাসুদ করিম। তিনি বলেন, কম্পিউটার অপারেটরদের বদলি নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ। তবে কোনো থানার প্রয়োজন থাকলে বদলি হওয়া সদস্যদের সেখানেই রাখার সুযোগ রয়েছে।

কেএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ