জ্বালানি সংকটে সরকার কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি : জামায়াত আমির

জ্বালানি সংকট সমাধানে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াত আমিরের। বিদ্যুৎ সংকটে শিল্প ও গার্মেন্টস খাতে উৎপাদন কমার আশঙ্কা।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বর্তমানে বড় ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, গত ছয় মাসেও জ্বালানি সংকট মোকাবিলায় সরকার কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি। এর ফলে শিল্পখাতে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়ছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বগুড়া সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্প বর্তমানে জ্বালানি ও বিদ্যুৎ সংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার দাবি, তৈরি পোশাকশিল্পের সংগঠন বিজিএমইএ সম্প্রতি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় অনেক কারখানার উৎপাদন সক্ষমতা ৫০ শতাংশের নিচে নেমে এসেছে।

উৎপাদন কমে গেলে কারখানাগুলোর পক্ষে ব্যাংকের ঋণ পরিশোধ কঠিন হয়ে পড়বে এবং খেলাপি ঋণের পরিমাণ বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় বিরোধীদলের পক্ষ থেকে বিশেষজ্ঞদের নিয়ে সরকারকে সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছিল দাবি করে জামায়াত আমির বলেন, সরকার সেই প্রস্তাব গ্রহণ করেনি। তার মতে, সংকট সমাধানে কার্যকর উদ্যোগ না নেওয়ার কারণেই জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলো লংমার্চের মতো কর্মসূচি দিতে বাধ্য হয়েছে।

তিনি বলেন, সরকারের উচিত ছিল নির্ধারিত সময়ের মধ্যে জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প ব্যবস্থা গ্রহণ করা। সংকটের শুরুতে সরকার বিদ্যুৎ সংকটের বিষয়টি অস্বীকার করেছিল বলেও অভিযোগ করেন তিনি।

রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, তারা রাষ্ট্র সংস্কারের পক্ষে ছিলেন। কিন্তু সরকার দায়িত্ব নেওয়ার পর জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গেছে বলে তিনি অভিযোগ করেন। গণভোটের পক্ষে তাদের অবস্থান ছিল এবং জনগণও এতে সাড়া দিয়েছে দাবি করে তিনি বলেন, সরকারের উচিত জনগণের দেওয়া রায়কে সম্মান করা।

বগুড়ার উন্নয়ন নিয়েও কথা বলেন জামায়াতে ইসলামীর আমির। তিনি বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বগুড়া উত্তরবঙ্গের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। একসময় শহরটিকে ‘মিনি শিল্পনগরী’ বলা হলেও স্বাধীনতার পর কাঙ্ক্ষিত শিল্পায়ন হয়নি বলে মন্তব্য করেন তিনি।

বগুড়া দীর্ঘদিন ধরে অবহেলিত বলে দাবি করে শফিকুর রহমান বলেন, তার দল চায় বগুড়া তার ন্যায্য উন্নয়ন ও সুযোগ-সুবিধা ফিরে পাক।

কেএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ