রাজনীতির নৈতিক নৈতিকতার সংকট!

সংসদের ভেতরে ও বাইরে অশালীন মন্তব্য বা নারীর অবমাননা প্রতিরোধের ক্ষেত্রে একটি বড় আইনি বাধা হলো সংসদীয় বিশেষাধিকার।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

সোহেল শাহরিয়ার: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি অনৈতিক কর্মকাণ্ড ও ব্যক্তিগত অডিও-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক বিতর্ক ও তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনার পর দলীয় শৃঙ্খলাভঙ্গ ও নৈতিক স্খলনের দায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্তে গাজী নজরুল ইসলামকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করেছে। একই সঙ্গে এই সিদ্ধান্ত স্পিকার ও নির্বাচন কমিশনকে (ইসি) লিখিতভাবে জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

তবে এই বহিস্কারের পর রাজনৈতিক ও আইন অঙ্গনে এক নতুন বিতর্কের সূচনা হয়েছে—দল থেকে বহিষ্কৃত হওয়ার পর কোনো ব্যক্তির সংসদ সদস্য (এমপি) পদ কি সংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়, নাকি তিনি পদে বহাল থাকেন? ঘটনাটি একই সাথে সংসদীয় আইন, সংবিধানের মূল কাঠামো, রাজনীতিতে ব্যবসায়ীদের প্রভাব এবং দেশের সার্বিক রাজনৈতিক সংস্কৃতির গভীর অবক্ষয়কে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

বাংলাদেশের সংবিধানের ৭০ অনুচ্ছেদে কোনো সংসদ সদস্যের পদ বাতিলের সুনির্দিষ্ট দুটি কারণ উল্লেখ রয়েছে: ১. কোনো সংসদ সদস্য যদি স্বীয় দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন। ২. তিনি যদি সংসদে নিজ দলের সিদ্ধান্তের বিরুদ্ধে বা দলের নির্দেশ অমান্য করে ভোটদান করেন (বা অনুপস্থিত থাকেন)।

গুরুত্বপূর্ণ বিষয় হলো, সংবিধানে 'দলীয় বহিষ্কারের' কারণে স্বয়ংক্রিয়ভাবে সংসদ সদস্যপদ বাতিলের কোনো বিধান রাখা হয়নি। ফলে, কোনো রাজনৈতিক দল তাদের কোনো এমপিকে বহিষ্কার করলেও সরাসরি তাঁর সংসদীয় আসন শূন্য হয় না।

বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এর সবচেয়ে বড় দৃষ্টান্ত দেখা গিয়েছিল ২০১৪-১৫ সালে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর ক্ষেত্রে। নিউ ইয়র্কে পবিত্র হজ ও ধর্মীয় অনুভূতি নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে তৎকালীন সরকার তাঁকে মন্ত্রিসভা থেকে অপসারণ করে এবং বাংলাদেশ আওয়ামী লীগ থেকে তাঁকে বহিষ্কার করা হয়। আওয়ামী লীগ থেকে স্পিকারের নিকট তাঁর সদস্যপদ বাতিলের আবেদন জানালেও লতিফ সিদ্দিকী দীর্ঘসময় ধরে আইনি লড়াই ও শুনানি প্রক্রিয়া চালিয়ে যান। শেষ পর্যন্ত তিনি নিজে সংসদে উপস্থিত হয়ে স্বেচ্ছায় পদত্যাগ করার পরই কেবল তাঁর আসনটি শূন্য ঘোষিত হয়।

সংবিধানপ্রণেতারা ক্ষমতার ভারসাম্য বজায় রাখার লক্ষ্যেই বহিষ্কারের মাধ্যমে স্বয়ংক্রিয় পদ বাতিলের সুযোগ রাখেননি। যদি দলীয় বহিষ্কারের সাথে সাথে এমপি পদ খারিজের নিয়ম থাকত, তবে সংসদ সদস্যদের ওপর দলীয় প্রধানের একচ্ছত্র ও নিরঙ্কুশ নিয়ন্ত্রণ তৈরি হতো।

একজন সংসদ সদস্য সরাসরি লাখ লাখ জনগণের ভোটে নির্বাচিত হয়ে তাদের প্রতিনিধিত্ব করতে সংসদে আসেন। যদি দলীয় প্রধানের অসন্তোষ বা বহিষ্কারের ভয়ে সর্বক্ষণ পদ হারানোর ঝুঁকি থাকত, তবে সংসদ সদস্যরা স্বাধীন মতপ্রকাশের ক্ষমতা হারিয়ে ফেলতেন এবং তাঁদের সার্বক্ষণিক দলীয় প্রধানের তোষামোদ করে চলতে হতো। এটি মূলত জনগণের আমানত ও সংসদীয় স্বাধীনতার সুরক্ষার স্বার্থেই করা হয়েছে।

প্রকাশিত ঘটনাটি নিয়ে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে তীব্র প্রতিক্রিয়া তৈরি হলেও আইনি দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি কিছুটা ভিন্ন। দেশের বিদ্যমান আইনে প্রাপ্তবয়স্ক দুজনের পারস্পরিক সম্মতির ভিত্তিতে সম্পর্ক সরাসরি কোনো ফৌজদারি অপরাধ নয়, যদি না সেখানে ব্ল্যাকমেইলিং, প্রলোভন কিংবা জবরদস্তির (ধর্ষণ) মতো বিষয় যুক্ত থাকে।

ফৌজদারি অপরাধ হিসেবে প্রমাণ করার ক্ষেত্রে আইনি বাধ্যবাধকতা হলো—ভুক্তভোগী বা আক্রান্ত নারীকে নিজে উপস্থিত হয়ে পুলিশের কাছে গিয়ে সশরীরে অভিযোগ দায়ের করতে হবে। কোনো তৃতীয় পক্ষ বা আত্মীয়স্বজনের দূর থেকে দায়ের করা অভিযোগ কিংবা কেবল ভিডিও বা অডিওর ওপর ভিত্তি করে মামলা পরিচালনা করা আইনি প্রক্রিয়ায় কঠিন।

পশ্চিমা ও উন্নত গণতান্ত্রিক দেশে এ ধরনের নৈতিক স্খলনের ঘটনায় ভিন্ন রাজনৈতিক ও আইনি চর্চা দেখা যায়। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন তাঁর এক নারী সহকর্মীর সাথে সম্পর্কের ঘটনায় ইমপিচমেন্ট ও তীব্র নৈতিক জবাবদিহির মুখোমুখি হয়েছিলেন। আবার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রেও ক্ষতিপূরণ সম্পর্কিত আইনি লড়াই দেখা গেছে—যা ফৌজদারি শাস্তির চেয়ে প্রধানত দেওয়ানি ক্ষতিপূরণ (Civil Suit) হিসেবে পরিচালিত হয়েছে।

ফরাসি দার্শনিক মন্টেস্কিও প্রায় তিনশ বছর আগে বলেছিলেন—যে সমাজ যত অপক্ক বা দুর্বল, সেই সমাজ প্রতিটি সমস্যার সমাধান কেবল শাস্তির মধ্যে খোঁজে। আমাদের দেশের আইনি সংস্কৃতিতে মানহানি বা ব্যক্তি অবমাননার ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণের (Civil Liability) মামলা করার চর্চা প্রায় অনুপস্থিত। আমাদের দেশের আইনজীবীরা দ্রুত ফৌজদারি ধারায় শাস্তির দিকে যান, অথচ আধুনিক রাষ্ট্রব্যবস্থায় সামাজিক ও নৈতিক অপরাধ নিরসনে দেওয়ানি আইনের প্রয়োগই প্রধান মাধ্যম।

সংসদের ভেতরে ও বাইরে নারীদের প্রতি অশালীন মন্তব্য, অবমাননা কিংবা অবমূল্যায়ন কোনো নির্দিষ্ট একটি দল বা ধর্মীয় দলগুলোর একক বৈশিষ্ট্য নয়। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিতর্কিত ও আপত্তিকর কল রেকর্ড ফাঁসের পর সারাদেশজুড়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছিল এবং তাঁকে বাধ্য হয়ে মন্ত্রিসভা ছাড়তে হয়েছিল।

একইভাবে বর্তমান সংসদেও বিরোধী ও স্বতন্ত্র নারী সদস্যরা, যেমন—রুমিন ফারহানার মতো প্রতিনিধিরা যখন অন্যান্য সদস্যদের দ্বারা সংসদে কিংবা রাজনৈতিক সভা-সমাবেশে বডি শেমিং বা কটূক্তির শিকার হন, তখন রাজনীতিতে নারীর অবস্থান নিয়ে প্রশ্ন ওঠে।

রাজনৈতিক ময়দানে বিশিষ্ট বক্তা বা এমপিদের (যেমন আমীর হামজা বা অন্যান্যদের) বক্তব্যের ভাষা ও আবেগ অনেক সময় সমাজিক বিতর্ক তৈরি করে। সমাজ ও রাজনীতির এই প্রবণতা প্রকাশ করে যে, রাজনীতিতে নারীকে এখনো একজন স্বাধীন ও সমান অধিকারপ্রাপ্ত মানুষ হিসেবে দেখার বদলে ভোগ্যপণ্য বা অবমূল্যায়নের পাত্রী মনে করা হয়। এটি কোনো নির্দিষ্ট দলের নিজস্ব সমস্যা নয়, বরং রাজনৈতিক ও সামাজিক মানসিকতার সামগ্রিক অবক্ষয়।

আমাদের দেশের সংসদীয় ব্যবস্থার অন্যতম প্রধান দুর্বলতা হলো সংসদ সদস্যদের সামাজিক ও পেশাগত পরিচিতি। বর্তমান ও অতীতে বিভিন্ন সংসদে লক্ষ্য করলে দেখা যায়, প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ সংসদ সদস্যই মূলত ব্যবসায়ী ব্যাকগ্রাউন্ড থেকে আগত।

ব্যবসায়ীরা তাঁদের পেশাগত ক্ষেত্রে সফল হলেও, আইন প্রণয়ন কিংবা সরকারি মন্ত্রণালয় ও আমলাতন্ত্রকে সংসদীয় কমিটির মাধ্যমে কঠোর জবাবদিহির মুখোমুখি দাঁড় করানোর আইনগত প্রস্তুতি ও মানসিকতা অনেক সময় তাঁদের থাকে না। তা ছাড়া বহু ব্যবসায়ী এমপির নিজস্ব ব্যবসা বা ঠিকাদারি কাজ সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সচিবদের ওপর নির্ভরশীল থাকে। এই স্বার্থের সংঘাতের (Conflict of Interest) কারণে এমপিরা প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে দ্বিধাগ্রস্ত হন, যার ফলে সংসদ তার মূল কাজ—জবাবদিহিতা নিশ্চিতকরণে ব্যর্থ হয়।

সংবিধানের নিয়ম অনুযায়ী, সংসদ সদস্যরা সংসদে প্রদত্ত কোনো বক্তব্যের জন্য বাইরের কোনো সাধারণ আদালতে বিচারের মুখোমুখি হন না। এই সংসদীয় বিশেষাধিকারের সুযোগ নিয়ে অনেক সময় সংসদের ভেতরে অশালীন বক্তব্য প্রদান করা হয়।

যেহেতু আদালতের মাধ্যমে বিচার সম্ভব নয়, তাই সংসদের মর্যাদা রক্ষায় স্পিকারের অধীনে একটি সুনির্দিষ্ট 'নৈতিক আচরণবিধি' (Code of Conduct) প্রণয়ন করা এবং নারী অবমাননা বা নৈতিক স্খলনের অভিযোগ তদন্তের জন্য সংসদে একটি 'বিশেষ অভ্যন্তরীণ সেল' গঠন করা এখন সময়ের দাবি।

বাংলাদেশের গত অর্ধশতকের ইতিহাসে সামরিক শাসন, কুশাসন ও বিতর্কিত নির্বাচনের পর বর্তমান সময়ে দেশ এক নতুন গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে।

সাম্প্রতিক রাজনৈতিক অঙ্গনে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক কৌশল ও বক্তব্যে প্রতিশোধমূলক রাজনীতি পরিহার করা এবং মার্জিত ভাষা ব্যবহারের এক নতুন ধারা লক্ষ করা যাচ্ছে। এটি অতীতের আক্রমণাত্মক ও ব্যক্তিগত অবমাননাকর রাজনৈতিক সংস্কৃতি থেকে এক ধরনের ইতিবাচক বেরিয়ে আসার ইঙ্গিত দেয়। রাজনীতিতে এই মার্জিত ভাষা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সামাজিক নীতি-নৈতিকতার মানদণ্ড বজায় রাখা গেলে আগামীতে আমাদের সংসদীয় গণতন্ত্র আরও সুসংহত ও শক্তিশালী ভিত্তি পাবে।

কেএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ