গোপালগঞ্জ ছাড়া বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতাকে ‘দেউলিয়াত্ব’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। তাঁর দাবি, গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও দলটির রাজনৈতিক অস্তিত্ব নেই।

News

ছবিঃ সংগ্রহীত


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতে যে ব্যাপক লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তার প্রকৃত চিত্র এখনো জাতির সামনে পুরোপুরি তুলে ধরতে না পারাকে বড় ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান।

তিনি বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না। দেশের স্বার্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং অতীতের অর্থনৈতিক লুটপাটের প্রকৃত চিত্র সংবাদমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীও বক্তব্য দেন।

অর্থনীতি ও ব্যাংকিং খাতের লুটপাট

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতে লুটপাটের প্রসঙ্গ তুলে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের দায়িত্ব নিয়েছেন।

তিনি মনে করেন, বিগত ১৭ বছরে অর্থনীতি ও ব্যাংকিং খাতে সংঘটিত লুটপাটের প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরা জরুরি।

গণমাধ্যমের স্বাধীনতা ও অপতথ্য নিয়ন্ত্রণ

গণমাধ্যমের স্বাধীনতা এবং অনিবন্ধিত অনলাইন পোর্টাল নিয়ে প্রশ্নের জবাবে আন্দালিভ রহমান বলেন, বিকৃত সংবাদ ও উদ্দেশ্যপ্রণোদিত অপতথ্যকে আইনের আওতায় আনতে সাইবার সিকিউরিটি আইনটি বহাল রাখার চেষ্টা করা হচ্ছে। গত দুই বছরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গালিগালাজের যে অপসংস্কৃতি তৈরি হয়েছে, তা রোধেও উদ্যোগ নেওয়া হবে।

অনিবন্ধিত অনলাইন পোর্টাল এবং ভুয়া সংবাদ প্রচারকারীদের নিয়ন্ত্রণে কীভাবে কার্যকর ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে সরকার কাজ করছে বলে জানান তিনি।

নিবন্ধিত গণমাধ্যমের স্থায়ী মর্যাদা নিশ্চিত করা, বিজ্ঞাপন পাওয়ার সুযোগ বাড়ানো এবং নিবন্ধনপ্রক্রিয়া আরও সহজ ও ব্যবহারবান্ধব করার পরিকল্পনার কথাও জানান তথ্যমন্ত্রী।

গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ তার গ্রহণযোগ্যতা উল্লেখ করে তিনি বলেন, তিন বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেওয়ার আগেও সাংবাদিকদের যেভাবে আতঙ্কে থাকতে হতো, বর্তমান সরকার সেই পরিস্থিতি বজায় রাখেনি। সরকার সংবাদমাধ্যমে হস্তক্ষেপ করছে না, বরং বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় গণমাধ্যমের সহযোগিতা চায়।

আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা নিয়ে মন্তব্য

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, তাদের এসব কর্মকাণ্ড রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচয়। গোপালগঞ্জ ছাড়া সারা বাংলাদেশে দলটির কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই বলে মন্তব্য করেন তিনি।

আন্দালিভ রহমান বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ফিরে আসার কোনো সাংগঠনিক তৎপরতা সরকার দেখছে না। এসব কর্মকাণ্ড করে দলটি খুব একটা ফায়দা পাবে বলেও মনে করেন না তিনি। জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করে তাদের রাজনীতি করার কোনো সুযোগ নেই।

ডিসেম্বরে আওয়ামী লীগের সভানেত্রী দেশে ফিরবেন বলে প্রচার চালানোর বিষয়টিকে ‘রাজনৈতিক ব্লাফ’ আখ্যা দেন তথ্যমন্ত্রী। তাঁর দাবি, নেতাকর্মীদের বিভ্রান্ত করা এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড আড়াল করতেই গোপালগঞ্জে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

গণমাধ্যমের মালিকানা ও অতীত ভূমিকা

বিগত সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে গণমাধ্যম ও ব্যবসায়ীদের একটি অংশের ভূমিকার সমালোচনা করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, গণমাধ্যম নিয়ন্ত্রণ ও দমনপীড়নের নানা চেষ্টা চালিয়েও তৎকালীন সরকার ক্ষমতায় টিকে থাকতে পারেনি।

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী, একজন মালিকের একাধিক গণমাধ্যমের মালিকানা সীমিত করার বিষয়েও আলোচনা চলছে বলে জানান তিনি। অতীতে যারা সীমা লঙ্ঘন করে গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছিলেন, তাঁদের বিচারের বিষয়টি সমাজের ওপর ছেড়ে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

জুলাইয়ের চেতনা সমুন্নত রাখার আহ্বান

আওয়ামী লীগের রাজনীতিকে প্রতিশোধপরায়ণ উল্লেখ করে আন্দালিভ রহমান বলেন, ১৯৭৫ সালের ঘটনাকে পুঁজি করে দলটি প্রতিশোধের রাজনীতি করেছে। ফ্যাসিস্ট শক্তি যেন আর ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। অন্যথায় জুলাই আন্দোলনে অংশ নেওয়া তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের জীবন আবারও বিপন্ন হতে পারে।

জুলাইয়ের চেতনাকে সমুন্নত রেখে গণতন্ত্র ও বস্তুনিষ্ঠ সমালোচনার ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

এর আগে দুপুরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক শরিফুজ্জামান পিন্টু, সদস্যসচিব ইফতেখার মাহমুদসহ ফোরামের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ