ধানমন্ডি ৩২-এ ককটেল উদ্ধার, ঢাবিতে বিস্ফোরণে আহত ১

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও সিটি কলেজের পাশে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুটি ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছেন।

News

ছবিঃ সংগ্রহীত


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে ফেলা বাড়ির সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলের কাছ থেকে ‘জয় বাংলা, প্রজন্ম-৭১’ লেখা একটি চিরকুটও পাওয়া গেছে। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট ককটেল দুটি উদ্ধার করে নিষ্ক্রিয় করে।

মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, কয়েকজন ব্যক্তি ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির সামনে দুটি ককটেল পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। ইউনিটের সদস্যরা এসে ককটেল দুটি নিষ্ক্রিয় করেন।

ওসি জানান, দুজন ব্যক্তি ঘটনাস্থলে এসে ককটেল দুটি রেখে চলে যান। পুলিশের সতর্ক অবস্থানের কারণে তাঁরা বিস্ফোরণ ঘটাতে পারেননি। উদ্ধার হওয়া ককটেলের কাছেই একটি চিরকুট পাওয়া যায়। এতে লেখা ছিল, ‘জয় বাংলা, প্রজন্ম-৭১’। চিরকুটটির সঙ্গে ককটেল উদ্ধারের ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে একই সময়ে ধানমন্ডির সিটি কলেজের পাশ থেকেও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে সেগুলোও নিষ্ক্রিয় করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণে আহত ১

অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর দুইটার পর ব্যবসায় শিক্ষা অনুষদ ভবন ও কলাভবনসংলগ্ন শ্যাডো এলাকায় এসব বিস্ফোরণ ঘটে। এতে একজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের সামনে পার্কিং করে রাখা একটি গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়া হয়। এতে গাড়ির চালক গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

অন্যদিকে, কলাভবনসংলগ্ন শ্যাডো এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। তবে সেখানে কেউ হতাহত হননি। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি মোটরসাইকেল থেকে ককটেল ছুড়ে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আল-আমিন জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তাঁরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করছেন।

উল্লেখ্য, এর আগে রোববার ও সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ ক্যাম্পাসের কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় পাঁচজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছিল।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ