বিরোধী শিবিরের ঐক্য ভঙ্গুর ও জোটে ভাঙন ধরেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। কর্নেল অলি আহমেদের বক্তব্যের তীব্র সমালোচনা...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদের সাম্প্রতিক বক্তব্যের কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন দাবি করেছেন যে, বিরোধী শিবিরের ঐক্য এখন সম্পূর্ণ ভঙ্গুর এবং ইতোমধ্যে তাদের জোটে ভাঙন ধরতে শুরু করেছে। শনিবার (২৫ জুলাই) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।
ফেসবুক স্ট্যাটাসে রাশেদ খাঁন লেখেন, "ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ছোট ছেলে নাহিদ ইসলাম (আজকে এই নামে কর্নেল অলি আহমেদ ডেকেছেন), মাওলানা মামুনুল হক এক হয়ে রাস্তায় নামলে ১ সপ্তাহের মধ্যে নাকি বিএনপি সরকারের পতন হবে! আজকে এমন একটি মন্তব্য করেছেন কর্নেল অলি আহমেদ। হঠাৎ এক হওয়ার কথা কেন? সবাই বিভক্ত হয়ে যাচ্ছে এজন্য? দেখেন, ঠিক আজকেই খেলাফত মজলিস জোট ছেড়ে বের হয়ে গেছে। খেলাফত আন্দোলন বের হওয়ায় আগে ছিলো ১০ দল, এখন হলো ৯ দল। ১১ দলীয় জোট এখন ৯ দলীয় জোটে পরিণত হয়েছে।"

তিনি আরও উল্লেখ করেন, কর্নেল অলি আহমেদ তার আজকের বক্তব্যে নিজের নাম উল্লেখ করেননি, অথচ তিনি নিজেকে জামায়াতের আমিরের চেয়েও বড় নেতা মনে করেন। রাশেদ খাঁন প্রশ্ন রাখেন, বনিবনা না হলে তিনি কবে আবার জামায়াত থেকে বের হয়ে যান তা অজানা। তার মতে, প্রত্যাশিত আসন না পাওয়ার কারণেই অলি আহমেদ বিএনপির সঙ্গে সম্পর্কের অবনতি ঘটিয়েছেন, কারণ বিএনপি বেশি আসন ছেড়ে দিলে সেখানে জামায়াতের প্রার্থীরা জয়ী হতো।
স্ট্যাটাসের শেষাংশে তিনি বলেন, "আজকাল সন্দেহ হয়, জামায়াতকে বেশি আসনে জেতাতে ঐ পলিসি কর্নেল অলি আহমেদ নিয়েছিলেন কি না! কারণ তিনি মুক্তিযুদ্ধে তার অর্জনকে বিসর্জন দিয়ে জামায়াতের সাথে গিয়েছেন। নিশ্চয়ই আপনাদের মনে আছে, আওয়ামী লীগের সময় গোয়েন্দা সংস্থার প্রডাক্ট মাসুদ করিমের ফাঁদে পড়েছিলেন কর্নেল অলি আহমেদ। এখন আবার কার ফাঁদে পড়ে বিএনপি সরকারের ১ সপ্তাহের মধ্যে পতনের হুমকি দিচ্ছে, জানিনা! তবে ইতোমধ্যে বিরোধীদলের পতন শুরু হয়েছে, ১১ দল এখন ৯ দলে গিয়ে ঠেকেছে!"
পিপল/এএইচ











