মানবতাবিরোধী অপরাধ, হত্যা ও নির্যাতনের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া এবং বিচারাধীন সব মামলার দণ্ড তাঁকে ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

ছবিঃ সংগ্রহীত

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
১৯৭৩ সালের আইন অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আইনের আওতায় তাঁর যে দণ্ড হয়েছে, তা তাঁকে ভোগ করতে হবে। মানবতাবিরোধী অপরাধ, মানুষ হত্যা, ছাত্রহত্যা ও শ্রমিকহত্যার দায়ে হওয়া এবং বিচারাধীন প্রতিটি মামলার দণ্ড তাঁকে ভোগ করতে হবে।
আজ শনিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হওয়া মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়।
গুম, খুন এবং নানা ধরনের নিপীড়ন-নির্যাতন চালিয়েও জাতীয়তাবাদী শক্তিকে দমিয়ে রাখা যায়নি বলে মন্তব্য করেন রিজভী। ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ড করে যুবদল এবং বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ভয় দেখানো যাবে না বলেও উল্লেখ করেন তিনি।
রিজভী বলেন, গুম-খুন ও নানা ধরনের নিপীড়নের মধ্যেও তাঁরা বুক চিতিয়ে লড়াই করেছেন। যুবদল নেতা রবিউল ইসলাম নয়নও অনেক অত্যাচার ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। তারপরও তাঁদের মাথা নত করানো যায়নি।
তিনি আরও বলেন, জাতীয়তাবাদী শক্তির মাথা নত করা যাবে না। ফ্যাসিবাদের যে স্বপ্ন তৈরি হয়েছে, তা প্রতিরোধে সারা দেশের জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক শক্তি পথে পথে ব্যারিকেড গড়ে তুলবে।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।











