বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে চট্টগ্রাম রয়্যালসের সাবেক মালিক কাইয়ুম ও রাজশাহীর ম্যানেজার আমিন খানকে সাময়িক নিষিদ্ধ করেছে বিসিবি...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ ও দ্বাদশ আসরে ঘটে যাওয়া ম্যাচ ফিক্সিং ও দুর্নীতি তদন্তে নতুন মোড় এসেছে। দুর্নীতিবিরোধী ধারা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম রয়্যালসের সাবেক স্বত্বাধিকারী মো. আব্দুল কাইয়ুম রাশেদ এবং দুর্বার রাজশাহীর সাবেক ম্যানেজার মো. আমিন খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে দুজনকেই ক্রিকেটীয় সব কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি তাদের ইন্টিগ্রিটি ইউনিটের তদন্তের ভিত্তিতে এই শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের কথা নিশ্চিত করে।
বিসিবির বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বিপিএলের দ্বাদশ আসরে চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকার নিয়েছিল ট্রায়াঙ্গল সার্ভিসেস। তবে টুর্নামেন্ট শুরুর ঠিক আগের দিন ক্রিকেটার ও কর্মকর্তাদের বকেয়া পরিশোধ করতে না পেরে মালিকানা ছেড়ে দেওয়ার জন্য বিসিবিকে চিঠি দেন আব্দুল কাইয়ুম রাশেদ। পরবর্তীতে বিসিবি নিজেই দলটি পরিচালনার দায়িত্ব নেয়। বিসিবির অভিযোগ অনুযায়ী, আইসিসির দুর্নীতিবিরোধী কোডের ৪টি পৃথক ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে কাইয়ুমের বিরুদ্ধে। এর মধ্যে রয়েছে—ম্যাচের ফলাফল বা গতিপথ অবৈধভাবে প্রভাবিত করার চেষ্টা বা ফিক্সিং চুক্তি করা, দুর্নীতির প্রস্তাব পেয়েও তা অ্যান্টি-করাপশন অফিসারকে গোপন রাখা এবং তদন্তের উদ্দেশ্যে ব্যবহৃত নিজস্ব মূল মোবাইল ফোনটি ফরেনসিক পরীক্ষার জন্য জমা না দিয়ে তদন্তে বাধা সৃষ্টি করা।
অন্যদিকে, বিপিএলের ১১তম আসরে দুর্বার রাজশাহী এবং ১২তম আসরে চট্টগ্রাম রয়্যালসের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করা আমিন খানের বিরুদ্ধেও আইসিসির দুর্নীতিবিরোধী কোডের ৪টি ধারা ভঙ্গের চার্জ আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে সরাসরি বা পরোক্ষভাবে ফিক্সিংয়ে যুক্ত থাকা, অন্যান্য খেলোয়াড় ও কর্মকর্তাদের দুর্নীতিতে প্ররোচিত বা সহায়তা করা, তদন্ত কর্মকর্তার নির্দেশ অমান্য করা এবং প্রমাণের স্বার্থে প্রয়োজনীয় মেসেজ ও তথ্য মুছে ফেলে তদন্তে বিলম্ব ঘটানোর অভিযোগ উঠে এসেছে।
অভিযুক্ত দুজনকে বিসিবির অ্যান্টি-করাপশন কোডের আওতায় আত্মপক্ষ সমর্থনের জন্য ১৪ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। এই নির্ধারিত সময়ের মধ্যে তাঁদের লিখিত জবাব দাখিল করতে হবে।
পিপল/এএইচ












