মায়ামির হয়ে মেসির শততম গোল, জিতলেন ক্যাম্পিওনেস কাপ

ইন্টার মায়ামির হয়ে ১০০তম গোল করলেন লিওনেল মেসি। ক্রুজ আজুলকে ২-০ হারিয়ে প্রথমবার ক্যাম্পিওনেস কাপ জিতল মায়ামি।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসির ক্যারিয়ারে যোগ হলো আরও একটি মাইলফলক। ইন্টার মায়ামির হয়ে ১০০তম গোলের দেখা পেলেন আর্জেন্টাইন তারকা। তাঁর গোল ও অ্যাসিস্টে ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ক্যাম্পিওনেস কাপের শিরোপা জিতেছে মায়ামি।

ম্যাচের ২৪ মিনিটে মেসির মাইলফলক ছোঁয়া গোলটি আসে হেড থেকে। ডান দিক থেকে লুইস সুয়ারেজের নিখুঁত ক্রসে মার্কারকে টপকে উঠে হেড করেন মেসি। মায়ামির জার্সিতে এটি ছিল তাঁর ১০০তম গোল।

দ্বিতীয়ার্ধে আরও একবার গোলের উৎস হয়ে ওঠেন মেসি। ম্যাচের ৮১ মিনিটে তাঁর নেওয়া কর্নার থেকে গোল করেন কাসেমিরো। সেই গোলেই মায়ামির জয় নিশ্চিত হয় এবং নতুন কোচ ক্রিস্তিয়ান ‘কিলি’ গনসালেসের অধীনে দলটি পায় স্বপ্নের শুরু।

মায়ামির হয়ে মাত্র ১১৫ ম্যাচে ১০০ গোল পূর্ণ করেছেন মেসি। ক্লাব ও জাতীয় দলের হয়ে তাঁর আগের দুই ১০০ গোলের মাইলফলকের তুলনায় এটিই দ্রুততম। বার্সেলোনার হয়ে ১০০ গোল করতে তিনি খেলেছিলেন ১৮৮ ম্যাচ, আর আর্জেন্টিনার জার্সিতে লেগেছিল ১৭৪ ম্যাচ।

২০২৩ সালে মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে মেসি দলটির হয়ে মেজর লিগ সকারে ৭৬, লিগস কাপে ১৪, কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে ৮ এবং ফিফা ক্লাব বিশ্বকাপে একটি গোল করেছেন। মায়ামির হয়ে তাঁর প্রথম গোলটিও এসেছিল ক্রুজ আজুলের বিপক্ষে।

মায়ামির হয়ে এটি মেসির চতুর্থ শিরোপা। ২০২৩ সালে লিগস কাপ দিয়ে শুরু হয় তাঁর শিরোপা-যাত্রা। পরের বছর সাপোর্টার্স শিল্ড জেতে মায়ামি। এরপর ২০২৫ সালে এমএলএস কাপ জয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন মেসি। এবার যোগ হলো ক্যাম্পিওনেস কাপ।

ক্লাব ও দেশের হয়ে মেসির মোট গোলসংখ্যা এখন ৯২৯। চলতি এমএলএস মৌসুমেও দুর্দান্ত ছন্দে আছেন তিনি। ২২ ম্যাচে করেছেন ১৯ গোল, যা লিগে সর্বোচ্চ। তবে লিগ শিরোপা ধরে রাখার লড়াইয়ে মায়ামির সামনে এখনো কঠিন পথ। ইস্টার্ন কনফারেন্সে ২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে ন্যাশভিল এগিয়ে আছে, মায়ামির সংগ্রহ ৪৫ পয়েন্ট।

কেএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ