রেকর্ড ভেঙে এনজোকে নিল ম্যানচেস্টার সিটি

চেলসি থেকে এনজো ফার্নান্দেজকে ১২৫ মিলিয়ন পাউন্ডে দলে নিয়ে নিজেদের ট্রান্সফার রেকর্ড ভাঙল ম্যানচেস্টার সিটি...

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

দলবদলের শেষ মুহূর্তে চেলসি থেকে এনজো ফার্নান্দেজকে দলে নিয়ে নিজেদের ট্রান্সফার রেকর্ড আবারও ভাঙল ম্যানচেস্টার সিটি। আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য সিটি খরচ করেছে ১২৫ মিলিয়ন পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৭১ কোটি টাকার বেশি। এই অঙ্ক ব্রিটিশ ফুটবলের ইতিহাসে যৌথ সর্বোচ্চ ট্রান্সফার ফি।

দলবদলের সময়সীমা শেষ হওয়ার মাত্র ৩০ মিনিট আগে এনজোকে দলে নেওয়ার ঘোষণা দেয় ম্যানচেস্টার সিটি। ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার ইতিহাদ স্টেডিয়ামে পাঁচ বছরের চুক্তিতে যোগ দিয়েছেন।

চেলসিকে বিদায় জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এনজোর বার্তা প্রকাশের প্রায় এক ঘণ্টা পর সিটির পক্ষ থেকে আসে আনুষ্ঠানিক ঘোষণা।

নতুন ক্লাবে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এনজো বলেন, সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাব ম্যানচেস্টার সিটি এবং এমন একটি দলের অংশ হতে প্রত্যেক খেলোয়াড়ই চায়।

এনজোকে কিনে চলতি দলবদলে দ্বিতীয়বার নিজেদের রেকর্ড ভাঙল সিটি। এর আগে জুলাইয়ে ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনকে ১১৬ মিলিয়ন পাউন্ডে দলে এনে নিজেদের সর্বোচ্চ ট্রান্সফার ফি নির্ধারণ করেছিল তারা।

এনজোর ১২৫ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফার ফি ব্রিটিশ ফুটবলের সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ডও স্পর্শ করেছে। গত বছর নিউক্যাসল ইউনাইটেড থেকে সুইডিশ স্ট্রাইকার আলেক্সান্ডার ইসাককে একই অঙ্কে দলে নিয়ে এই রেকর্ড গড়েছিল লিভারপুল। এনজোকে দলে নেওয়ার পর গ্রীষ্মের দলবদলে সিটির মোট খরচ দাঁড়িয়েছে প্রায় ৪৫০ মিলিয়ন পাউন্ড।

দুইবার ১০০ মিলিয়ন পাউন্ডের বেশি দামে বিক্রি

২০২৩ সালের জানুয়ারিতে বেনফিকা থেকে চেলসিতে যোগ দিয়েছিলেন এনজো। তাকে দলে নিতে তখন ১০৬.৮ মিলিয়ন পাউন্ড খরচ করেছিল চেলসি, যা সে সময় ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড ছিল।

এবার সেই অঙ্কের চেয়েও বেশি দামে এনজোকে ম্যানচেস্টার সিটির কাছে বিক্রি করল চেলসি। ফলে ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে তিনি ১০০ মিলিয়ন পাউন্ডের বেশি ট্রান্সফার ফিতে দুইবার বিক্রি হওয়ার নজির গড়েছেন।

চেলসির হয়ে গত মৌসুমে দুর্দান্ত পারফর্ম করেছেন এনজো। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ গোল করার পাশাপাশি ৭টি অ্যাসিস্ট করেছেন তিনি। দলের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাও ছিলেন এই আর্জেন্টাইন।

চেলসির হয়ে কনফারেন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ জেতার পাশাপাশি আর্জেন্টিনা জাতীয় দলের হয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এনজো।

সিটির মাঝমাঠে নতুন সংযোজন

গত মৌসুমে প্রিমিয়ার লিগে আর্সেনালের পেছনে থেকে রানার্সআপ হয়েছিল ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়নদের চেয়ে সাত পয়েন্ট পিছিয়ে থাকা দলটি নতুন মৌসুমে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে স্কোয়াডে বড় পরিবর্তন এনেছে।

এনজোকে দলে নেওয়া সেই পরিকল্পনার অন্যতম বড় অংশ। সিটির ফুটবল পরিচালক হুগো ভিয়ানা তাকে পূর্ণাঙ্গ মিডফিল্ডার হিসেবে উল্লেখ করে তার কারিগরি দক্ষতা, পরিশ্রম, লড়াকু মানসিকতা ও গোল করার সামর্থ্যের প্রশংসা করেছেন।

এনজোর পাশাপাশি গ্রীষ্মের দলবদলে আরও বেশ কয়েকজন খেলোয়াড়কে বড় অঙ্কে দলে নিয়েছে সিটি। এভারটন থেকে ইলিমান এনদিয়ায়েকে ৬৫ মিলিয়ন পাউন্ডে, মরক্কোর মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দিকে ৮৬ মিলিয়ন পাউন্ডে এবং ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যালান এলিয়াসকে প্রায় ৪০ মিলিয়ন ইউরোতে দলে এনেছে তারা।

তবে খেলোয়াড় বিক্রি করেও উল্লেখযোগ্য অর্থ আয় করেছে সিটি। সাভিনহো, রদ্রি, নিকো গনসালেস, তিজিয়ানি রেইনডার্স, জেমস ট্রাফোর্ড ও নাথান আকের মতো খেলোয়াড়দের বিক্রি করে প্রায় ২৮০ মিলিয়ন পাউন্ড পেয়েছে ক্লাবটি। বার্নার্দো সিলভা ও জন স্টোনস অবশ্য বিনা ট্রান্সফার ফিতে ক্লাব ছেড়েছেন।

নতুন প্রিমিয়ার লিগ মৌসুমে দুই ম্যাচে দুই জয় দিয়ে শুরু করেছে ম্যানচেস্টার সিটি। এনজোকে দলে টানার বিশাল বিনিয়োগই ইঙ্গিত দিচ্ছে, আর্সেনালের কাছ থেকে ইংলিশ ফুটবলের শিরোপা পুনরুদ্ধারে কতটা মরিয়া পেপ গার্দিওলার দল।

পিপল/এএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ