এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। জয়ে টানা দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে দলটি...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
সান্তিয়াগো বার্নাব্যুতে গোলের বন্যা বইয়ে দিয়ে বড় জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত হ্যাটট্রিকে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলে হারিয়েছে স্বাগতিকরা। দলের হয়ে অন্য গোলটি করেন ভিনিসিউস জুনিয়র।
ম্যাচের শুরুতে অবশ্য রিয়ালকে চাপে রেখেছিল সোসিয়েদাদ। ১১তম মিনিটে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে যান মিকেল ওইয়ারসাবাল। তার জোরালো শট পা দিয়ে ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া।১০ মিনিট পর রিয়ালের সামনে আসে লিড নেওয়ার সুযোগ। এমবাপ্পের পাস পেয়ে গোলরক্ষকের মুখোমুখি হয়েছিলেন ভিনিসিউস। তবে তার শটও রুখে দেন আলেক্স রেমিরো।৩৫তম মিনিটে আবারও গোলের সুযোগ তৈরি করে সোসিয়েদাদ। ওইয়ারসাবালের ক্রস থেকে সের্হিও গোমেসের শক্তিশালী ভলি দূরের পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।৪০তম মিনিটে শেষ পর্যন্ত এগিয়ে যায় রিয়াল। ফেদে ভালভার্দের দুর্দান্ত পাস অসাধারণ দক্ষতায় নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষের বাধা এড়িয়ে নিখুঁত শটে গোল করেন এমবাপ্পে।
তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। চার মিনিট পর সোসিয়েদাদ সমতায় ফেরে। ডি-বক্সে আসা বল রিয়ালের এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করলে সুযোগ পেয়ে যান সুচিচ। কোনাকুনি শটে কোর্তোয়াকে পরাস্ত করেন ক্রোয়াট মিডফিল্ডার।বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে রিয়াল। ৬০তম মিনিটে জুড বেলিংহ্যামের সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর জায়গা তৈরি করে কোনাকুনি শটে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে।এরপর ৬৮তম মিনিটে ব্যবধান বাড়ান ভিনিসিউস জুনিয়র। গোলটির নেপথ্যে বড় অবদান ছিল বেলিংহ্যামের। সোসিয়েদাদের রক্ষণে ভুলের সুযোগ নিয়ে বল কেড়ে নিয়ে বাইলাইন থেকে গোলমুখে পাস বাড়ান তিনি। ভিনিসিউস সহজেই বল জালে পাঠান।৮০তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপ্পে। ভিনিসিউসের নিখুঁত থ্রু পাস ধরে ছয় গজ বক্সের বাইরে থেকে শট নিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন ফরাসি ফরোয়ার্ড।
শেষ দিকে ব্রাহিম দিয়াস আরও একটি গোল করলেও ভিএআরের সহায়তায় সেটি অফসাইডের কারণে বাতিল হয়। এই জয়ে টানা দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে পরের দুই অবস্থানে রয়েছে সেভিয়া ও রিয়াল বেতিস।
পিপল/এএইচ











