বাংলাদেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ দুই বছরে ৪৬.৬ শতাংশ বেড়েছে। প্রবাসী আয় ও ডলারের সরবরাহ বৃদ্ধিকে এর অন্যতম কারণ বলা হচ্ছে...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
গত দুই বছরে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ বেড়েছে ৪৬ দশমিক ৬ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ২০২৪ সালের সেপ্টেম্বরে দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২ হাজার ৪৮৬ কোটি মার্কিন ডলার। চলতি বছরের ৮ সেপ্টেম্বর তা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬৪৪ কোটি ডলারে। অর্থাৎ দুই বছরে রিজার্ভ বেড়েছে প্রায় ১ হাজার ১৫৮ কোটি ডলার।
অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভও উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে এই হিসাবে রিজার্ভ ছিল ১ হাজার ৯৮৬ কোটি ডলার। দুই বছর পর তা বেড়ে হয়েছে ৩ হাজার ১৫৩ কোটি ডলার—যা ৫৮ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি।
সংশ্লিষ্টদের মতে, প্রবাসী আয় বৃদ্ধি, ব্যাংকিং খাতে ডলারের সরবরাহ ও তারল্য পরিস্থিতির উন্নতি এবং আমদানি চাহিদা তুলনামূলক নিয়ন্ত্রিত থাকার কারণে রিজার্ভ বাড়াতে সহায়তা করেছে।
বাজার পরিস্থিতি অনুকূলে থাকলে বাংলাদেশ ব্যাংক দেশীয় বৈদেশিক মুদ্রাবাজার থেকে ডলার কিনেছে। এতে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ পুনর্গঠনের পাশাপাশি বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা ফিরতেও সহায়তা হয়েছে।
তবে আমদানি বিল পরিশোধ ও বিভিন্ন বৈদেশিক দায় মেটানোর কারণে সময়ে সময়ে রিজার্ভে ওঠানামা দেখা গেছে। তারপরও সামগ্রিকভাবে গত দুই বছরে রিজার্ভ বৃদ্ধির প্রবণতা বজায় রয়েছে।
তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বরে গ্রস রিজার্ভ ছিল ৩ হাজার ১৪৩ কোটি ডলার এবং বিপিএম৬ হিসাবে ছিল ২ হাজার ৬৬০ কোটি ডলার। চলতি বছরের জুন শেষে গ্রস রিজার্ভ আরও বেড়ে ৩ হাজার ৭৫৮ কোটি ডলারে পৌঁছায়। ওই সময় বিপিএম৬ হিসাবে রিজার্ভ ছিল ৩ হাজার ২৯৩ কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, বৈদেশিক খাতের পরিস্থিতির উন্নতির ফলে রিজার্ভ বেড়েছে। বিশেষ করে প্রবাসী আয়ের প্রবাহ বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের তারল্য পরিস্থিতির উন্নতি এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি বলেন, বাজারে ডলারের সরবরাহ বাড়ার সময় কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোর কাছ থেকে বৈদেশিক মুদ্রা কিনেছে। এর মাধ্যমে আগের সংকটের সময়ে কমে যাওয়া রিজার্ভ পুনর্গঠনে সহায়তা হয়েছে।
পিপল/এএইচ











