চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে আয় হয়েছে প্রায় ৭৫০ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৭১৩ কোটি ডলার।

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে প্রায় ৭৫০ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৭১৩ কোটি ডলার। ফলে এক বছরের ব্যবধানে দেশের প্রধান রপ্তানি খাতের আয় বেড়েছে ৩৬ কোটি ৪৯ লাখ ডলার বা ৫.১২ শতাংশ। জুলাইয়ে রপ্তানি কমলেও আগস্টে নিট ও ওভেন—দুই ধরনের পোশাকেই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হওয়ায় দুই মাসের সামগ্রিক হিসাবে খাতটি ইতিবাচক অবস্থানে রয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে তৈরি পোশাক রপ্তানি থেকে মোট আয় হয়েছে ৭৪৯ কোটি ৫৬ লাখ ১০ হাজার ডলার। ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে আয় হয়েছিল ৭১৩ কোটি ৬ লাখ ৭০ হাজার ডলার। অর্থাৎ, গত বছরের তুলনায় এবার পোশাক রপ্তানি আয় বেড়েছে ৫.১২ শতাংশ।
দুই মাসের হিসাবে নিটওয়্যার খাতে প্রবৃদ্ধি তুলনামূলক বেশি হয়েছে। জুলাই-আগস্ট সময়ে নিট পোশাক রপ্তানি থেকে আয় এসেছে ৪১৯ কোটি ৩৭ লাখ ৬০ হাজার ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৩৯৪ কোটি ৯৮ লাখ ৬০ হাজার ডলার। ফলে নিটওয়্যারে প্রবৃদ্ধি হয়েছে ৬.১৭ শতাংশ। এ খাত থেকে বাড়তি আয় হয়েছে প্রায় ২৪ কোটি ৩৯ লাখ ডলার।
অন্যদিকে, ওভেন পোশাক রপ্তানি থেকেও আয় বেড়েছে। দুই মাসে এ খাত থেকে রপ্তানি আয় হয়েছে ৩৩০ কোটি ১৮ লাখ ৫০ হাজার ডলার। গত অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৩১৮ কোটি ৮ লাখ ১০ হাজার ডলার। ফলে এক বছরের ব্যবধানে ওভেন পোশাকের রপ্তানি আয় বেড়েছে ৩.৮১ শতাংশ বা প্রায় ১২ কোটি ১০ লাখ ডলার।
অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে অবশ্য পোশাক রপ্তানিতে কিছুটা নেতিবাচক প্রবণতা দেখা যায়। ওই মাসে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৩৮৮ কোটি ৬৭ লাখ ২০ হাজার ডলার। আগের বছরের জুলাইয়ে আয় হয়েছিল ৩৯৬ কোটি ২৬ লাখ ৫০ হাজার ডলার। ফলে জুলাইয়ে রপ্তানি কমেছে ১.৯২ শতাংশ।
জুলাইয়ে নিটওয়্যার রপ্তানি থেকে আয় হয়েছে ২১৫ কোটি ৯ লাখ ডলার। আগের বছরের একই সময়ে এ খাতে আয় ছিল ২১৭ কোটি ৮৬ লাখ ৯০ হাজার ডলার। ফলে নিটওয়্যারে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে ০.৯০ শতাংশ।
একই সময়ে ওভেন পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ১৭২ কোটি ৭৬ লাখ ৬০ হাজার ডলার। ২০২৫ সালের জুলাইয়ে এ আয় ছিল ১৭৮ কোটি ৩৯ লাখ ৬০ হাজার ডলার। ফলে ওভেন পোশাকে রপ্তানি কমেছে ৩.১৬ শতাংশ।
জুলাইয়ের নেতিবাচক প্রবণতার পর আগস্টে পোশাক রপ্তানিতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। মাসটিতে মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩৬০ কোটি ৮৮ লাখ ৯০ হাজার ডলার। গত বছরের আগস্টে এ আয় ছিল ৩১৬ কোটি ৮ লাখ ২০ হাজার ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে আগস্টে রপ্তানি আয় বেড়েছে ১৩.৯২ শতাংশ বা প্রায় ৪৪ কোটি ৮১ লাখ ডলার।
আগস্টের এই প্রবৃদ্ধিতে সবচেয়ে বড় অবদান রেখেছে নিটওয়্যার। মাসটিতে নিট পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ২০৩ কোটি ৪৭ লাখ ডলার। ২০২৫ সালের একই সময়ে এ আয় ছিল ১৭৭ কোটি ১১ লাখ ৭০ হাজার ডলার। ফলে নিটওয়্যারে প্রবৃদ্ধি হয়েছে ১৪.৮৮ শতাংশ। অর্থাৎ, এক মাসে এ খাত থেকে বাড়তি আয় এসেছে প্রায় ২৬ কোটি ৩৫ লাখ ডলার।
ওভেন পোশাকেও আগস্টে ভালো প্রবৃদ্ধি হয়েছে। এ মাসে রপ্তানি আয় হয়েছে ১৫৭ কোটি ৪১ লাখ ৯০ হাজার ডলার। আগের বছরের আগস্টে এ আয় ছিল ১৩৯ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ডলার। ফলে এক বছরের ব্যবধানে এ খাতে আয় বেড়েছে ১২.৭০ শতাংশ বা প্রায় ১৭ কোটি ৭৩ লাখ ডলার।
ইপিবির পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে নিটওয়্যার ও ওভেন—দুই খাতই রপ্তানি প্রবৃদ্ধিতে ইতিবাচক অবস্থানে রয়েছে। তবে প্রবৃদ্ধির হার ও বাড়তি আয়ের পরিমাণ—উভয় দিক থেকেই এগিয়ে রয়েছে নিটওয়্যার। জুলাই-আগস্টে মোট পোশাক রপ্তানি আয়ের মধ্যে নিটওয়্যার থেকে এসেছে ৪১৯ কোটি ৩৮ লাখ ডলার এবং ওভেন থেকে ৩৩০ কোটি ১৯ লাখ ডলার। ফলে মোট পোশাক রপ্তানিতে নিট পোশাকের অবদান তুলনামূলক বেশি।
সামগ্রিকভাবে, গত অর্থবছরের প্রথম দুই মাসের তুলনায় চলতি অর্থবছরে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৫.১২ শতাংশ। এর মধ্যে নিটওয়্যারে প্রবৃদ্ধি হয়েছে ৬.১৭ শতাংশ এবং ওভেন পোশাকে ৩.৮১ শতাংশ। মূলত আগস্টের শক্তিশালী প্রবৃদ্ধিই দুই মাসের সামগ্রিক রপ্তানি আয়কে ইতিবাচক রাখতে বড় ভূমিকা রেখেছে।
পিপল/এনটি











