তথ্য উপদেষ্টা
ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান সরকারের

ডিজেলে প্রতিদিন ১০৯ কোটি টাকা লোকসান হচ্ছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। জ্বালানির দাম সমন্বয়ে কমবে বিপিসির লোকসান ও পাচারের ঝুঁকি।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বর্তমানে প্রতি লিটার ডিজেলে সরকারের প্রায় ৮৯ টাকা লোকসান হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। শুধু ডিজেল খাতেই প্রতিদিন সরকারের লোকসানের পরিমাণ প্রায় ১০৯ কোটি টাকা বলে জানান তিনি।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে এসব তথ্য জানান জাহেদ উর রহমান। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

তথ্য উপদেষ্টা বলেন, বর্তমান পরিস্থিতিতে শুধু ডিজেলেই বছরে সরকারের প্রায় ৪০ হাজার কোটি টাকা লোকসান হতে পারে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত দেশে দাম অপরিবর্তিত রেখে সরকার প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি টাকা লোকসান মেনে নিয়েছে।

তিনি বলেন, ধারাবাহিক লোকসান কমানো, বৈদেশিক মুদ্রার সাশ্রয় এবং প্রতিবেশী দেশগুলোতে জ্বালানি তেল পাচারের ঝুঁকি কমাতে সরকারকে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করতে হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে। একইভাবে অকটেনের দাম ১৪৫ থেকে ১৬৫ টাকা, পেট্রোল ১৪০ থেকে ১৬০ টাকা এবং কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

ব্রিফিংয়ে প্রতিবেশী ও এশিয়ার কয়েকটি দেশের জ্বালানি তেলের দামের তুলনাও তুলে ধরেন জাহেদ উর রহমান। তার দেওয়া তথ্য অনুযায়ী, কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম ১৩৪.৭৬ টাকা, মিয়ানমারে ১৬৪.৮৩ টাকা, নেপালে ১৬১.২৪ টাকা, শ্রীলঙ্কায় ১৭৯.৪২ টাকা, থাইল্যান্ডে ১৫১.২২ টাকা এবং পাকিস্তানে ১৮৫.৪৮ টাকা।

তথ্য উপদেষ্টা বলেন, প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম থাকায় সীমান্ত দিয়ে পাচারের ঝুঁকি তৈরি হয়েছিল। এ পরিস্থিতিতে লিটারপ্রতি ২০ টাকা দাম সমন্বয় করায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বার্ষিক লোকসান প্রায় ১০ হাজার কোটি টাকা কমানো সম্ভব হবে।

এদিকে আমদানিনির্ভরতা কমিয়ে জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পরিকল্পনার কথাও জানান তিনি। বলেন, ২০৩০ সালের মধ্যে দেশে ১৫০টি কূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এরই অংশ হিসেবে গত ১৯ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস-২৮ নম্বর কূপ উদ্বোধনের মাধ্যমে জাতীয় গ্রিডে দৈনিক আরও ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এর ফলে শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহ বাড়বে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ২০৩৫ সালের মধ্যে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) আওতাধীন এলাকাগুলো থেকে দৈনিক প্রায় ২৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।

কেএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ