‘হাতজোড় করে বলছি, আমাদের ঘরবাড়ি আসামে। এই দেখুন, আমার আধার কার্ড। আমাদের বাপ-দাদার ভিটেমাটি সব ওখানে। রাতে ঘুম থেকে তুলে এনে বিএসএফ বন্দুকের বাঁট দিয়ে গুঁতো

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
‘হাতজোড় করে বলছি, আমাদের ঘরবাড়ি আসামে। এই দেখুন, আমার আধার কার্ড। আমাদের বাপ-দাদার ভিটেমাটি সব ওখানে। রাতে ঘুম থেকে তুলে এনে বিএসএফ বন্দুকের বাঁট দিয়ে গুঁতো মেরে বলছে, বাংলাদেশে ঢুকে যা! আমরা কোথায় যাব? আমাদের অপরাধ কি, আমরা বাংলায় কথা বলি?’
আসামের মরিগাঁও জেলার চড়াইহাজি গ্রামের ৮৩ বছর বয়সী হাফিজ উদ্দিনের এই আকুতি ভারত-বাংলাদেশ সীমান্তে তৈরি হওয়া নতুন এক মানবিক সংকটের চিত্র তুলে ধরেছে। ভারতীয় নাগরিকদের পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত আধার কার্ড থাকার পরও তাকে বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে।
হাফিজ উদ্দিন একা নন। গত কয়েক মাসে আসাম ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে নারী, শিশু ও বয়োবৃদ্ধসহ বহু মানুষকে একইভাবে সীমান্তে এনে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন ঘটনায় বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধে তাদের বাংলাদেশে প্রবেশ ঠেকানো গেলেও এমন তৎপরতা অব্যাহত থাকার অভিযোগ রয়েছে।
সর্বশেষ গত ১১ সেপ্টেম্বর সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্ত দিয়ে ১০ থেকে ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয় বলে বিজিবি জানিয়েছে। নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) দায়িত্বপূর্ণ খুরমী বিওপির দক্ষিণে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে ছোট বাঁশঝাড়িয়া মিনি ফরেস্ট এলাকায় এ ঘটনা ঘটে। প্রবল বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যে ওই চেষ্টা করা হয়।
বিজিবির ভাষ্য অনুযায়ী, ভারতের ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের চর সাহেবখালী ক্যাম্পের সদস্যরা দুটি বোটে করে ১০ থেকে ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন। টহলরত বিজিবি সদস্যরা বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের প্রবেশ ঠেকান। পরে বেলা ১১টার দিকে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের নিয়ে ভারতীয় ভূখণ্ডে ফিরে যান।
নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না। আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা নীতিমালা, প্রচলিত আইন ও বিদ্যমান দ্বিপক্ষীয় সমঝোতার পরিপন্থী যেকোনো পুশইনের চেষ্টা প্রতিহত করা হচ্ছে।
এর আগে গত ৬ সেপ্টেম্বর রাতে দিনাজপুরের বিরামপুর সীমান্তে ২০ থেকে ২৫ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ ওঠে।
১২০ ভারতীয় নাগরিকের তালিকা
সীমান্তে পুশইনের অভিযোগের ঘটনায় আধার কার্ডধারী ১২০ ভারতীয় নাগরিকের একটি তালিকা বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজিবি।
তালিকায় তাদের নাম, বয়স, ঠিকানা ও আধার কার্ডের তথ্য রয়েছে। এতে আসামের মরিগাঁও, নওগাঁ, গোলাঘাট, দারাং, ধুবড়ি ও কামরূপসহ বিভিন্ন জেলার বাসিন্দাদের নাম রয়েছে।
তালিকায় ৮৩ বছর বয়সী হাফিজ উদ্দিন, ৭৪ বছর বয়সী আহসান আলী ও ৭৫ বছর বয়সী উফা আলীর মতো বয়োবৃদ্ধদের নামও রয়েছে। এছাড়া জয়নাল আবেদিন (৫৫), খাইরুল ইসলাম (৫২), আব্দুল লতিফ (৫৫) ও নূর ইসলামের (৪৩) নাম পাওয়া গেছে।
নারী ও শিশুদের নামও ওই তালিকায় রয়েছে বলে জানা গেছে। আমার দেশ-এর হাতে থাকা নথিতে আধার নম্বর উল্লেখ রয়েছে। তবে ব্যক্তিগত নিরাপত্তার কারণে পূর্ণ নম্বর প্রকাশ করা হয়নি।
নারী-শিশুরাও মানবিক সংকটে
পুশইনের ঘটনায় নারী ও শিশুদের অন্তর্ভুক্ত থাকার বিষয়টি সবচেয়ে উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিজিবির তথ্য অনুযায়ী, বিভিন্ন ঘটনায় পুরুষদের পাশাপাশি নারী ও শিশুদেরও সীমান্তের দিকে নিয়ে আসার অভিযোগ রয়েছে।
তালিকায় জাহানারা বেগম, আকলিমা বেগম, জরিনা বিবি, সাহেরা খাতুন ও আছিয়া খাতুনের মতো নারীর নাম রয়েছে। এছাড়া আসামের দারাং জেলার আট মাস বয়সী মরিয়ম বেগম এবং পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার চার বছর বয়সী ইয়ানুর আলী মণ্ডলের নামও পাওয়া গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতেও নারী ও শিশুদের সীমান্তের কাদা-পানি ও খোলা জায়গায় অবস্থান করতে দেখা গেছে। কয়েকজনকে হাতে আধার কার্ড নিয়ে নিজেদের ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দিতে দেখা যায়।
তাদের অভিযোগ, পরিচয়পত্র দেখানোর পরও নিজেদের বক্তব্য জানানোর সুযোগ দেওয়া হয়নি।
যেসব এলাকা থেকে আনার অভিযোগ
সীমান্ত-সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, পুশইনের শিকার ব্যক্তিদের বড় একটি অংশ আসামের মরিগাঁও, গোলাঘাট, নওগাঁ, দারাং, ধুবড়ি, কামরূপ, বিশ্বনাথ চারিআলি, শিবসাগর ও নলবাড়ী এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা ও বর্ধমান জেলার বাসিন্দা।
তাদের মধ্যে দিনমজুর, কৃষক ও নিম্নআয়ের মানুষ রয়েছেন বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, ভারতের বিভিন্ন এলাকা থেকে এসব মানুষকে ধরে বা জড়ো করে গভীর রাতে সীমান্তের অরক্ষিত এলাকা, নদী বা চরাঞ্চলের দিকে নিয়ে যাওয়া হয়। পরে শূন্যরেখা পার করে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।
কিছু ঘটনায় ভয়ভীতি দেখানো, মারধর এবং অস্ত্রের মুখে সীমান্ত পার হওয়ার জন্য চাপ দেওয়ার অভিযোগও উঠেছে। আবার কয়েকটি ঘটনায় বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার কারণে তারা দুই দেশের সীমান্তের মধ্যবর্তী ‘নো ম্যানস ল্যান্ডে’ আটকা পড়েছেন।
এতে সীমান্তে একদিকে যেমন উত্তেজনা তৈরি হচ্ছে, অন্যদিকে দেখা দিচ্ছে মানবিক সংকট।
একের পর এক পুশইনের অভিযোগ
বিগত অন্তর্বর্তী সরকারের সময় থেকেই সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিএসএফের বিরুদ্ধে পুশইনের অভিযোগ উঠছে। চলতি বছরের মে মাসের শেষ দিক থেকে এ ধরনের তৎপরতা আবারও বেড়েছে বলে জানিয়েছে সীমান্ত-সংশ্লিষ্ট সূত্রগুলো।
সম্ভাব্য পুশইন ঠেকাতে সীমান্তজুড়ে নজরদারি ও টহল বাড়ায় বিজিবি। সাতক্ষীরার বিপরীতে ভারতের হাকিমপুর এলাকাসহ বিভিন্ন সীমান্ত পয়েন্টে মানুষ জড়ো করার খবরও পাওয়া যায়।
গত ৪ জুন বিজিবি জানায়, ২৪ ঘণ্টায় সীমান্তের বিভিন্ন এলাকায় অন্তত ১০টি পুশইনের চেষ্টা প্রতিহত করা হয়েছে। এর মধ্যে ঝিনাইদহের মহেশপুরসহ দুটি এলাকায় বিজিবি ও স্থানীয়রা দুটি দলকে বাংলাদেশে প্রবেশ করতে বাধা দেয়।
পরদিন নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও লালমনিরহাটের বিভিন্ন সীমান্ত পয়েন্টেও কয়েকটি ঘটনার কথা জানায় বিজিবি। এসব ঘটনায় নারী ও শিশুসহ মোট ৭৮ জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা প্রতিহত করা হয় বলে জানানো হয়।
৬ জুন পাঁচ জেলার বিভিন্ন সীমান্তে প্রায় ৮৬ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। বিজিবি তা প্রতিহত করে। একই দিন পঞ্চগড় সীমান্তে ১০ জন এবং ঠাকুরগাঁওয়ে ১১ জনকে পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকও হয়।
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তেও ১১ জনকে নিয়ে একই ধরনের পরিস্থিতি তৈরি হয়। বিজিবির প্রতিরোধের মুখে বিএসএফ পরে তাদের সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেয়।
২০ জুন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ২০ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা প্রতিহত করা হয়। ২ জুলাই মৌলভীবাজারের জুড়ী সীমান্তে ১০ জনকে বাংলাদেশে ঢোকানোর অভিযোগ ওঠে। বিজিবি তাদের আটক করে ভারতীয় কর্তৃপক্ষের কাছে ফেরত পাঠায়।
৪ জুলাই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ১২ জনকে ঘিরে আবারও উত্তেজনা তৈরি হয়। বিজিবির ভাষ্য অনুযায়ী, বিএসএফ সীমান্তের আলো বন্ধ করে তাদের বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল। বিজিবি ও স্থানীয় বাসিন্দারা সতর্ক অবস্থান নিলে বিএসএফ পরে তাদের ভারতের একটি হোল্ডিং সেন্টারে ফিরিয়ে নেয়।
৯ জুলাই সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে সাতজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা বিজিবি ঠেকিয়ে দেয়। পরে বিএসএফ তাদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেয় এবং দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়।
২৪ জুলাই কুষ্টিয়া সীমান্তে আটজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা প্রতিহত করা হয়। একই দিনে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আরও সাতজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা ঠেকানো হয়। পরদিন ঝিনাইদহের মহেশপুর সীমান্তেও ছয়জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা প্রতিহত করার কথা জানায় বিজিবি।
দিল্লির বৈঠকেও সমাধান হয়নি
পুশইনের বিষয়টি গত ৮ থেকে ১১ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত ৫৭তম বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকেও উত্থাপন করে বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, কোনো ব্যক্তির জাতীয়তা যাচাই না করে একতরফাভাবে তাকে সীমান্ত পার করে দেওয়া গ্রহণযোগ্য নয়। কেউ প্রকৃতপক্ষে বাংলাদেশি হলে প্রচলিত প্রক্রিয়া অনুসরণ করে তাকে ফেরত পাঠানোর ব্যবস্থা করা যেতে পারে। তবে পরিচয় যাচাই ছাড়া কাউকে বাংলাদেশে ঠেলে দেওয়া হলে তা সীমান্ত ব্যবস্থাপনায় জটিলতা তৈরি করে।
এ বিষয়ে বাংলাদেশ ভারতকে একাধিক কূটনৈতিক চিঠিও দিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জুনে জানানো হয়, পুশইনের অভিযোগ পাওয়া গেলেই ভারতকে নিয়মিতভাবে বিষয়টি জানানো হচ্ছে এবং বিদ্যমান কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণের দাবি জানানো হয়েছে।
তবে দিল্লির বৈঠকের পরও এ ধরনের ঘটনা বন্ধ হয়নি বলে অভিযোগ রয়েছে।
পরিস্থিতি বিবেচনায় ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের ২৬টি জেলায় অতিরিক্ত নজরদারি ও বিজিবির টহল অব্যাহত রয়েছে। গত ২০ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিজিবি সদর দপ্তর পরিদর্শন করে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ দেন।
বিজিবির পাশাপাশি সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দারাও বিভিন্ন স্থানে লাঠিসোঁটা নিয়ে পাহারা দিচ্ছেন বলে জানা গেছে।
এদিকে কয়েকজন নিরাপত্তা বিশ্লেষক অভিযোগ করেছেন, এসব পুশইনের পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর কোনো পরিকল্পনা থাকতে পারে। তাদের দাবি, সীমান্তে চাপ ও অস্থিরতা তৈরি করে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকে ব্যস্ত রাখা এবং দেশের অভ্যন্তরে মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করাই এর সম্ভাব্য উদ্দেশ্য।
তবে এ ধরনের দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
নিরাপত্তা বিশ্লেষক লে. কর্নেল (অব.) দিদারুল আলম বলেন, আধার কার্ডধারী ও নিজেদের ভারতীয় নাগরিক হিসেবে দাবি করা ব্যক্তিদের অন্য একটি সার্বভৌম দেশের ভূখণ্ডে ঠেলে দেওয়ার অভিযোগ গুরুতর বিষয়। তার মতে, এ ধরনের ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার ও সীমান্ত ব্যবস্থাপনার নীতিমালা প্রশ্নের মুখে পড়তে পারে।
তিনি এ বিষয়ে বাংলাদেশের আন্তর্জাতিক ও কূটনৈতিক পর্যায়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার পক্ষে মত দেন।
পিপল/এনটি












