শ্রীলঙ্কার বিপক্ষে ২৩ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করে শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলেছেন জো রুট। সামনে এখন বিরাট কোহলি।

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
স্পোর্টস ডেস্ক : জো রুটের ব্যাটে নতুন মাইলফলক যেন নিয়মিতই ধরা দিচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রানের মাইলফলক ছুঁয়ে নতুন কীর্তি গড়েছেন ইংল্যান্ডের এই ব্যাটার। ৫২১তম ইনিংসে ২৩ হাজার রান পূর্ণ করে রুট ছাড়িয়ে গেছেন ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে, যিনি এই মাইলফলকে পৌঁছেছিলেন ৫২২ ইনিংসে। রুট এখন এই কীর্তি গড়া ব্যাটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম; ৪৯০ ইনিংসে মাইলফলক ছুঁয়ে শীর্ষে আছেন বিরাট কোহলি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ডারহামে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে মাইলফলক থেকে মাত্র তিন রান দূরে ছিলেন রুট। ইনিংসের শুরুতেই দারুণ এক রিস্ট-ফ্লিকে চার মেরে ২৩ হাজার আন্তর্জাতিক রানে পৌঁছে যান ৩৫ বছর বয়সী এই ব্যাটার। পরে ৫২ বলে ৪৪ রান করে অভিষিক্ত স্পিনার সচিন্দু কলম্বেজের বলে বোল্ড হন।
আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার বা তার বেশি রান করা ব্যাটার এখন আটজন। রুটের আগে এই তালিকায় ছিলেন বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, রিকি পন্টিং ও জ্যাক ক্যালিস। রুটই প্রথম ইংলিশ ব্যাটার হিসেবে এই অভিজাত ক্লাবে জায়গা করে নিয়েছেন।
টেস্ট ক্রিকেটেও শচীনের একাধিক রেকর্ডের কাছাকাছি রয়েছেন রুট। সম্প্রতি টেস্টে সর্বোচ্চ অর্ধশতকের রেকর্ডে শচীনকে ছাড়িয়ে গেছেন তিনি। এখন তার বড় লক্ষ্য টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড। রুটের টেস্ট রান ১৪,২৭৮, আর শচীনের সংগ্রহ ১৫,৯২১—অর্থাৎ ব্যবধান ১,৬৪৩ রান।
টেস্ট ম্যাচ খেলার সংখ্যাতেও শচীনের রেকর্ডের দিকে এগোচ্ছেন রুট। শচীন ২০০টি টেস্ট খেলেছেন, আর রুটের প্রয়োজন আরও ৩১ ম্যাচ। ডিসেম্বরে ৩৬ বছরে পা দিতে যাওয়া রুটের সামনে তাই আন্তর্জাতিক ক্রিকেটে আরও কয়েকটি বড় মাইলফলক অপেক্ষা করছে।
কেএইচ











